রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক পদে নিয়োগের নামে একজন দন্ত চিকিৎসক প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের স্বাক্ষর জাল করে ওই চিকিৎসককে নিয়োগ দেওয়া হয়। গত সোমবার তিনি নতুন কর্মস্থলে যোগদান করতে গেলে রেজিস্ট্রারের স্বাক্ষর জাল করে তাঁকে নিয়োগ দেওয়ার বিষয়টি ফাঁস হয়।
মনিরুল আলম নামের ওই চিকিৎসক বলেন, আহসান হাবিব নামের এক ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম শ্রেণির কর্মকর্তার পরিচয় দিয়ে তাঁকে নিয়োগপত্র দিয়েছেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ে এই নামের কোনো কর্মকর্তা নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁকে বিষয়টি নিশ্চিত করেছে।
রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) মোরশেদ-উল আলম প্রথম আলোকে বলেন, ‘নিয়োগপত্রে যে স্বাক্ষর রয়েছে সেটা আমার নয়। আমি রেজিস্ট্রার পদে নিয়োগ পাওয়ার আগেই চিকিৎসক মনিরুল ইসলামকে নিয়োগপত্র দেওয়া হয়। একটি জালিয়াত চক্র স্বাক্ষর জাল করে এ প্রতারণা করেছে।’
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, সোমবার দুপুরে রংপুর শহরের লালবাগ এলাকার বাসিন্দা চিকিৎসক মনিরুল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ে যান। বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যকেন্দ্রে দন্ত চিকিৎসক পদে তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে—এমন একটি নিয়োগপত্র তিনি রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) মোরশেদ-উল আলম রনির কাছে দাখিল করেন। রেজিস্ট্রার স্বাক্ষরিত নিয়োগপত্রটি গত বছরের ১৪ মার্চ ইস্যু করা। কিন্তু ওই সময় রেজিস্ট্রার মোরশেদ-উল আলম এই পদে চাকরিতে ছিলেন না। তিনি রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছেন গত বছরের ২৮ জুন। রেজিস্ট্রারের স্বাক্ষর জাল করে মনিরুলকে ভুয়া নিয়োগপত্র দেওয়া হয়েছে।
প্রতারণার শিকার মনিরুল ঢাকার সিটি ডেন্টাল কলেজ থেকে পাস করেছেন। তিনি বর্তমানে রংপুর ডেন্টাল কলেজের প্রভাষক। এখানে সাত বছর ধরে কর্মরত আছেন তিনি।