রেজিস্ট্রেশনকৃত ২৭৯৫টি সিম কার্ড জব্দ, গ্রেপ্তার ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিওআইপি ব্যবসায়ীদের কাছে বেশি দামে বিক্রি করার জন্য মজুতকৃত ২ হাজার ৭৯৫টি বায়োমেট্রিক রেজিস্ট্রেশনকৃত মুঠোফোন সিম কার্ড জব্দ করেছে বগুড়ার ডিবি পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার সিম জব্দ ও গ্রেপ্তার বিষয়ে ব্রিফ করেন পুলিশ সুপার আসাদুজ্জামান। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল, আবদুল জলিল, সনাতন চক্রবর্তী, ডিবির ওসি আমিরুল উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার বলেন, খবর পেয়ে সোমবার দুপুরে শহরের দক্ষিণ কাটনারপাড়া চকযাদু ক্রসলেন প্রেসপট্টির আকন্দ লজের নিচতলায় পুলিশ অভিযান পরিচালনা করে। জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক হাসিবুল্লাহ হাসিবের নেতৃত্বে দক্ষিণ কাটনারপাড়া এলাকার আশিক দৌলতানা, নয়ন ইসলাম, রিয়াল শেখ, রাফিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থেকে ২ হাজার ৩৭০টি রবি সিম, ৩২৫টি গ্রামীণ সিম, ১০০টি টেলিটক সিমসহ ২ হাজার ৭৯৫টি সিম জব্দ করা হয়। তাঁরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, সিমগুলো বেশি দামে ঢাকা ও সিলেটের ভিওআইপি ব্যবসায়ীদের কাছে বিক্রি করার জন্য মজুত করা হয়। পরে আশিকের তথ্যের ভিত্তিতে শহরের কালীতলা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের সহযোগী শিববাটির রাফিদ হাসান খান, চকঝপু পূর্বপাড়ার লিটন মিয়া প্রাং, নিশিন্দারা পশ্চিমপাড়ার মঞ্জুরুল হক মঞ্জু, শাজাহানপুরে চাঙ্গুহর পূর্বপাড়ার শফিউল আলম, গাবতলীর জামিলবাড়িয়ার সেলিম রেজাকে গ্রেপ্তার করা হয়।