রেফ্রিজারেটরে পচা মাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পচা-বাসি মাছ ও মাংস রেফ্রিজারেটরে সংরক্ষণ করা, খাদ্যসামগ্রীতে মেয়াদোত্তীর্ণ কর্নফ্লাওয়ার ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে নোংরা পানি দিয়ে সেমাই তৈরিসহ নানা অপরাধে চট্টগ্রাম নগরের বিভিন্ন প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার আলাদাভাবে এসব অভিযান চালানো হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফোরকান এলাহি অনুপম পাহাড়তলী থানাধীন অলংকার মোড় এলাকায় চালানো অভিযানে নেতৃত্ব দেন। পচা-বাসি মাছ ও মাংস ফ্রিজে সংরক্ষণ করা এবং খাদ্যসামগ্রীতে মেয়াদোত্তীর্ণ কর্নফ্লাওয়ার ব্যবহারের অপরাধে সেখানকার জামান হোটেলকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
একই আদালত অলংকার মোড়ের আলিফ হোটেলকে ৫০ হাজার টাকা ও আয়োজন রেস্তোরাঁকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এই দুটি দোকান ফ্রিজে বাসি সেমাই ও শেওলা পড়া হাঁসের মাংস রেখেছিল এবং স্যাঁতসেঁতে ও নোংরা পরিবেশে ইফতারসামগ্রী তৈরি করছিল।
এ ছাড়া আবদুল আলী হাট মার্কেটের মুদির দোকান নাসির স্টোরকে পোকামাকড়যুক্ত খোলা সেমাই বিক্রির অপরাধে ২০ হাজার টাকা, অবৈধভাবে সিটি করপোরেশনের গুদাম দখল করার অপরাধে একটি দোকানকে পাঁচ হাজার টাকা, গরু ও মহিষের মাংস একসঙ্গে মিশিয়ে বিক্রির অপরাধে মাংস বিক্রেতা কামরুল হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রহমানের আদালত চাক্তাই এলাকায় অভিযান চালান। আয়োডিন ছাড়া লবণ বিক্রির অপরাধে সেখানকার শুকরিয়া সল্ট মিলসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরও গতকাল ভেজালবিরোধী অভিযান চালিয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে নোংরা পানি দিয়ে সেমাই তৈরির অপরাধে নগরের রাজাখালী ও পশ্চিম মাদারবাড়ি এলাকার তিনটি কারখানাকে ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে পোড়া তেলে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারি তৈরির অপরাধে পশ্চিম মাদারবাড়ির রিগ্যাল হোটেলকে ২০ হাজার টাকা, মমতা হোটেলকে ১০ হাজার টাকা ও মজু মদিনা হোটেলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক বিকাশ চন্দ্র দাস অভিযানে নেতৃত্ব দেন।