রেল ও পোস্ট অফিসের জমিতে মার্কেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২ নম্বর রেলগেটে বসা দোকানপাট
২ নম্বর রেলগেটে বসা দোকানপাট

নীলফামারীর সৈয়দপুরে রেললাইন-সংলগ্ন রেল ও পোস্ট অফিসের দেয়াল ঘেঁষে দোকানপাট গড়ে তোলার হিড়িক পড়েছে। রাতারাতি গড়ে ওঠা এসব দোকানপাটের কারণে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এ রেললাইনে চলাচলকারী ট্রেনগুলোকে। এতে যেকোনো সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে শহরবাসী।
এলাকাবাসী জানায়, রেলওয়ে স্টেশনের সামান্য দূরে ২ নম্বর রেল ঘুমটি এলাকায় রাতারাতি দোকানপাট গড়ে তোলা হচ্ছে। পোস্ট অফিস লাগোয়া দেয়াল ঘেঁষে ঘর তুলে এবং রেললাইনের দুই ধারে পুরোনো কাপড়ের হঠাৎ মার্কেট গড়ে তোলা হয়েছে। শীত আগমনে এসব দোকানে দিনরাত ক্রেতা ভিড় করে থাকায় দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ট্রেনচালক বলেন, সৈয়দপুর শহরের ১ নম্বর থেকে ২ নম্বর রেল ঘুমটি পর্যন্ত গড়ে ওঠা প্রায় এক কিলোমিটার জুড়ে সহস্রাধিক অবৈধ স্থাপনার কারণে ট্রেন চলাচল মারাত্মক ব্যাহত হচ্ছে।
অভিযোগ রয়েছে, জিআরপি থানা, স্টেশন কর্তৃপক্ষ ও ভূমি রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কতিপয় সদস্য নিজেদের লোকজনের মাধ্যমে এসব দোকানপাট থেকে বখরা আদায় করছেন। পুরোনো শীতবস্ত্রের এক দোকান মালিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাঁরা রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের নিয়মিত টাকা দিয়ে রেলওয়ের জায়গায় দোকান বসিয়ে ব্যবসা করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ১ নম্বর রেলগেট এলাকায় দোকানপ্রতি এককালীন ১ হাজার টাকা এবং জায়গার ভাড়ার জন্য প্রতিদিন ৫০ টাকা করে তোলা হয়। ২ নম্বর রেলগেট এলাকার ফল দোকানদার হিরা, মিস্টার, কলিম, মনু, ডিম ব্যবসায়ী সনু, কাশেম, নূর হাসান ও বাবু বলেন, তাঁরা নিয়মিত বখরা দিয়ে দোকান চালাচ্ছেন।
স্টেশনমাস্টার কাশেম আলী ও জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, খুব শিগগির উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। বখরা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন তিনি।