রেলওয়ে পুলিশের মারধরে একজনের মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর রেলস্টেশনে গতকাল সোমবার রেলওয়ে পুলিশের মারধরে আবদুল বারী (৬০) নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তি একজন মুক্তিযোদ্ধা। এ ঘটনার পর জামালপুর রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌর চন্দ্র মজুমদার ও কনস্টেবল তপন বড়ুয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন জামালপুরের পুলিশ সুপার মো. নিজাম উদ্দিন।

নিহত আবদুল বারীর বাড়ি জামালপুর সদর উপজেলার হাটচন্দ্রা এলাকায়। ঘটনার বর্ণনা দিয়ে আবদুল বারীর জামাতা আলমগীর হোসেন বলেন, তাঁর শ্যালক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাজহারুল হক ঈদের ছুটিতে বাড়ি এসেছিলেন। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেনে বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে যাওয়ার কথা ছিল তাঁর। এ সময় ওই স্টেশনে বিনা টিকিটে ভ্রমণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছিল।

আলমগীর হোসেন বলেন, বিনা টিকিটে ভ্রমণের অভিযোগে মাজহারুল হককে জামালপুর রেলওয়ে পুলিশ আটক করে। খবর পেয়ে তাঁর (মাজহারুল) বাবা আবদুল বারী জিআরপি থানায় যান। আলমগীর অভিযোগ করেন, সেখানে পুলিশের সঙ্গে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে আবদুল বারীকে একজন পুলিশ সদস্য ঘুষি মারলে তিনি মেঝেতে পড়ে গিয়ে মাথার পেছনে গুরুতর আঘাত পান। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহের সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মুক্তিযোদ্ধা নিহত হওয়ার খবর পেয়ে জেলার মুক্তিযোদ্ধা ও নিহত বারীর স্বজনেরা জিআরপি থানা ঘেরাও করে বিক্ষোভ করতে থাকেন। এতে পুরো স্টেশন এলাকা অবরুদ্ধ হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে জামালপুর সদর থানার পুলিশ জিআরপি থানার ওসি গৌর চন্দ্র মজুমদারকে থানা হেফাজতে নিয়ে যায়। অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, নিহত আবদুল বারী ১১ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধা ছিলেন। দ্রুত সময়ের মধ্যে তাঁর মৃত্যুর ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

গতকাল সন্ধ্যায় ওসি গৌর চন্দ্র মজুমদার ও কনস্টেবল তপন বড়ুয়াকে বরখাস্তের খবর নিশ্চিত করেন পুলিশ সুপার।