রেলওয়ে স্টেশন কলোনিতে উচ্ছেদে আবারও বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের আইস ফ্যাক্টরি রোডের পাশে রেলওয়ে স্টেশন কলোনিতে গতকাল সোমবার দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

অভিযান শুরুর সময় স্থানীয় লোকজন বাধা দেওয়ার চেষ্টা করেন। অভিযানে অংশ নেওয়া লোকজনের প্রতি ঢিল ছুড়ে ও কলোনির একটি ঘরে আগুন ধরিয়ে বাধা দেওয়ার চেষ্টা করেন সেখানকার কিছু বাসিন্দা। পরে পুলিশের সহায়তায় অভিযান সম্পন্ন হয়।

দুদিনের অভিযানে অবৈধ দখলে থাকা চার একর জমি উদ্ধার করা হয়েছে বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। উদ্ধার করা জমির মূল্য প্রায় ১০০ কোটি টাকা বলে জানান অভিযানের নেতৃত্বে থাকা রেলওয়ের বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা ইশরাত রেজা। অভিযান পরিচালনায় তাঁর সঙ্গে ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আছিয়া খাতুন। বটতলী রেলস্টেশনের সঙ্গে লাগোয়া এই কলোনি ‘ছিন্নমূল বাস্তুহারা কলোনি’ নামেও পরিচিত।

এর আগে গত রোববার সকাল থেকে কলোনিতে উচ্ছেদ অভিযান চালায় রেলওয়ে কর্তৃপক্ষ। অভিযানের একপর্যায়ে কলোনির ভেতরে অবৈধভাবে গড়ে ওঠা কয়েকটি ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে বেলা দুইটার দিকে অভিযানের সমাপ্তি টানা হয়।

ইশরাত রেজা প্রথম আলোকে বলেন, অভিযানের শুরুতে সকালে বুলডোজার লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতে থাকেন লোকজন। কিছু ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। পরে পুলিশের সহায়তায় উচ্ছেদ অভিযান চলানো হয়। দুই দিনে পাঁচ শতাধিক দোকান ও ঘর উচ্ছেদ করা হয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, গতকাল সকাল সাড়ে ১০টায় দ্বিতীয় দিনের উচ্ছেদ শুরু করার সময় বাধা দেন বাসিন্দারা। তাঁরা প্রথমে ঢিল ছোড়েন। একপর্যায়ে একটি ঘরে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এ সময় অভিযানে অংশ নেওয়া রেলওয়ের নিরাপত্তাকর্মীরা বালু ও পানি ছিটিয়ে আগুন নিভিয়ে ফেলেন।

অভিযানে উচ্ছেদ হওয়া একটি ঘরের বাসিন্দা মো. হারুন বলেন, ‘আমরা প্রায় ১৫ বছর ধরে এখানে রয়েছি। আগেও কয়েকবার উচ্ছেদ করা হয়েছিল। এখানে কেউ ভাড়া আবার কেউবা দখলস্বত্ব কিনে বসবাস করে আসছিল।’

এর আগে গত ৭ আগস্ট একই কলোনিতে অভিযান চালিয়ে ২০০ ঘর উচ্ছেদ করা হয়।