রেলওয়ের পুকুর ভরাট করে বিপণিবিতান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলওয়ের কাছ থেকে পুকুর ইজারা নিয়ে ভরাট করে সেখানে বিপণিবিতান নির্মাণ করায় জলাবদ্ধতার কবলে পড়েছেন কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সেরকান্দি এলাকার বাসিন্দারা।
এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি ওই এলাকায় রেললাইনের কালভার্টের মুখে রেলওয়ের পুকুর ইজারা নিয়ে সেখানে কুমারখালী ডিগ্রি কলেজের নামে বিপণিবিতান নির্মাণ করেছে কলেজ কর্তৃপক্ষ। এতে কালভার্টের মুখ বন্ধ হয়ে গেছে। ফলে ৬ নম্বর ওয়ার্ডে শীত মৌসুমেও পানি আটকে আছে।
কলেজ সূত্রে জানা গেছে, কলেজ কর্তৃপক্ষ পাকশী রেলওয়ে বিভাগ থেকে ১৯৯৪ সালে কলেজসংলগ্ন রেলওয়ের দুটি পুকুর ইজারা নেয়। সেখানে প্রতিবছর মাছ চাষ করা হয়। ২০১৩ সালে তৎকালীন কলেজের পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে পুকুরের পশ্চিম পাশে কিছু অংশ ভরাট করা হয়। এরপর সেখানে কলেজের নামে একটি বিপণিবিতান নির্মাণের কাজ শুরু করা হয়। চলতি বছরের মাঝামাঝি সময়ে নির্মাণকাজ শেষ হয়েছে।
গত বুধবার (১৮ নভেম্বর) সেরকান্দি এলাকায় গিয়ে দেখা যায়, শুকনো মৌসুমেও এলাকাজুড়ে থইথই পানি। বাড়ির সামনে পানি থাকায় সাঁকো তৈরি করেছেন বাসিন্দারা। প্রায় ৩০টি বাড়ির বাসিন্দারা পানিবন্দী। যাতায়াতের জন্য বেশির ভাগ বাড়ির সামনে বাঁশ দিয়ে সাঁকো তৈরি করা হয়েছে। এ রকম ৮ থেকে ১০টি সাঁকোর দেখা মিলল।
এ সময় এলাকার কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, ৬ নম্বর ওয়ার্ডের একপাশে রেললাইন। ওই রেললাইনে একটি কালভার্ট আছে। কয়েক মাস আগে কালভার্টের পানি বের হওয়ার মুখে পুকুরের একাংশ ভরাট করে কলেজ কর্তৃপক্ষ বিপণিবিতান তৈরি করেছে।
এতে কালভার্টের মুখ আটকে গেছে। ফলে তাঁরা ভোগান্তির শিকার হচ্ছেন। ওই বিপণিবিতানে ১৯টি দোকানঘর রয়েছে। কলেজ কর্তৃপক্ষ এই দোকানঘরের পজেশন বিক্রি করছে।
৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা চান্নু শেখ ও স্বপ্না খাতুন দম্পতি বলেন, বাড়ির চারপাশে পানি থাকায় তাঁরা তিন মাস ধরে শহরে একটি বাসা ভাড়া করে আছেন। সেখানে প্রতি মাসে ৭০০ টাকা করে ভাড়া দিচ্ছেন। ওই এলাকার বিলকিচ বেগম বলেন, বর্ষাকাল পার হলেও পুরো শীত মৌসুমে পানি থাকবে। তাঁরা বাড়িতে আসা-যাওয়ার জন্য ঋণ নিয়ে সাঁকো তৈরি করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার একজন কর্মকর্তা বলেন, পৌর এলাকায় বিপণিবিতান নির্মাণের ব্যাপারে কোনো অনুমতি নেওয়া হয়নি।
কুমারখালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ শরিফ হোসেন দাবি করেন, রেলওয়ে বিভাগ থেকে অনুমোদন নিয়ে স্থাপনা করা হয়েছে।
জমির শ্রেণি পরিবর্তন করে স্থাপনা নির্মাণের ব্যাপারে তিনি বলেন, বিভিন্ন সময়ে ময়লা ফেলায় ওই জায়গা ভরাট হয়ে গিয়েছিল। তাই বিপণিবিতান করা হয়েছে। বিপণিবিতান নির্মাণ করায় কালভার্ট বন্ধ হয়ে গেছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি ঢাকায় ক্লাসে আছি, আপনার সঙ্গে পরে কথা বলব।’
পাকশী রেলওয়ে বিভাগের ভূসম্পত্তি কর্মকর্তা মোশতাক আহমেদ বলেন, পুকুর ইজারা নিয়ে বিপণিবিতান নির্মাণ করার কোনা সুযোগ নেই। কলেজ কর্তৃপক্ষ সেখানে বিপণিবিতান নির্মাণ করে থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।