রেলওয়ের বস্তি উচ্ছেদের সময় সংঘর্ষ
চাঁপাইনবাবগঞ্জে রেলওয়ের বস্তি উচ্ছেদের সময় পুলিশের সঙ্গে বস্তিবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কমপক্ষে শটগানের ২৩টি গুলি ছুড়েছে।
রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন বলেন, চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন-সংলগ্ন এলাকায় ছয় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য অভিযান শুরু করে রেলওয়ের ভূ-সম্পত্তি বিভাগ। অভিযানের দ্বিতীয় দিনে গতকাল সোমবার দুপুরে স্থাপনা উচ্ছেদ শুরু করলে বাধা দেয় বস্তিবাসী। একপর্যায়ে অভিযানে এক বস্তিবাসী মারা গেছে, এমন গুজব ছড়িয়ে পড়ে।
এ সময় বস্তিবাসীরা পুলিশ ও রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে। পুলিশও শটগানের পাল্টা গুলি ছুড়লে সংঘর্ষ বেধে যায়। প্রায় আধা ঘণ্টা ধরে চলা সংঘর্ষে পাঁচজন সামান্য আহত হয়েছেন। সংঘর্ষ শেষে আবারও উচ্ছেদ অভিযান শুরু হয়।
গতকাল প্রায় ২০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর আগে রোববার উচ্ছেদ করা হয় ৫০টি অবৈধ স্থাপনা। আজ মঙ্গলবারও অভিযান চলবে।