রেলওয়ের ৭২ বিঘা জমি বেদখল
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নয়াপুর বাজার এলাকায় রেলওয়ের ৭২ বিঘা জমি আওয়ামী লীগ ও বিএনপির প্রভাবশালী একটি সিন্ডিকেট দখল করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁরা বিপণিবিতানসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে দোকান বিক্রি করছেন।
রেলওয়ের কমলাপুর ভূসম্পত্তি বিভাগ (এস্টেট ডিপার্টমেন্ট) সূত্র জানায়, ওই এলাকায় রেলওয়ের ৭২ বিঘা জমি রয়েছে। এর বাজারমূল্য প্রায় ২১৬ কোটি টাকা। ওই জমি দীর্ঘদিন ধরে হাতুরাপাড়া গ্রামের আবদুল বাসেত, বকুল মিয়া, আফজাল হোসেন, মাসুম মিয়া, আসাদ হোসেনসহ ৮৬ জন দখল করে রেখেছেন।
রেলওয়ের কমলাপুরের সহকারী এস্টেট কর্মকর্তা হাবিবুল্লাহ মিয়া বলেন, ‘দখলদারেরা আওয়ামী লীগ ও বিএনপির সমর্থক। আমরা দখলদারদের তালিকা করে পুলিশকে জানিয়েছি। তারা ব্যবস্থা নেয়নি। দখলদারদের উচ্ছেদ করার জন্য নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
রেলওয়ের তিন-চারজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দখল করা জায়গায় পাকা, আধা পাকা দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ দখলদারদের বিরুদ্ধে একাধিকবার নোটিশ দিলে এবং মামলা করলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। সম্প্রতি রেলওয়ের সম্পত্তিতে নতুন করে আরও বিপণিবিতান ও স্থাপনা নির্মাণ করার সময় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মধ্যে সংঘর্ষও হয়েছে। বিষয়টি থানা-পুলিশ পর্যন্ত গড়িয়েছে। ৭২ বিঘা জমির মধ্যে রেলওয়ে কর্তৃপক্ষ ১৫ বিঘা সম্পত্তি কৃষিকাজে ব্যবহার করার জন্য স্থানীয় ব্যক্তিদের ইজারা দিয়েছিল। পরে তাঁরা ভূমির শ্রেণি পরিবর্তন করে বিপণিবিতান, পাকা ও আধা পাকা ভবন নির্মাণ করে ইজারার শর্ত লঙ্ঘন করেছেন। ইজারার ৪ নম্বর শর্তাবলিতে উল্লেখ রয়েছে, ইজারা গ্রহীতা ওই জমিতে চাষাবাদ ছাড়া অন্য কোনো কাজ যেমন দোকানপাট, ঘরদরজা, পুকুর, নালাসহ পাকা ও আধা পাকা স্থাপনা নির্মাণ করতে পারবেন না।
দখলদার আবদুল বাসেত ও মাসুম মিয়া বলেন, ‘আমরা রেলওয়ে থেকে লিজ (ইজারা) নিয়ে দোকানপাট নির্মাণ করে ব্যবসা করছি। অনিয়মের সঙ্গে জড়িত নই।’
গত শনিবার সরেজমিনে দেখা যায়, রেলওয়ের সম্পত্তির ওপর নতুন করে আবারও পাকা ভবন ও টিনশেড ঘর নির্মাণের কাজ চলছে। আওয়ামী লীগ ও বিএনপির নেতারা নির্মাণকাজ তদারক করছেন।
মোরশেদ আলী নামের একজন ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, ‘আমরা দখলদারদের কাছ থেকে আজীবনের জন্য দোকানের পজিশন কিনে নিয়েছি। এ জন্য প্রতিটি দোকান বাবদ ৩ লাখ টাকা থেকে ১১ লাখ টাকা পরিশোধ করতে হয়েছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাছের ভূঞা বলেন, ‘নয়াপুর বাজারে সরকারি সম্পদ দখলে হরিলুট শুরু হয়েছে। সম্পত্তি রেলওয়ের হওয়ার কারণে আমরা ব্যবস্থা নিতে পারছি না।’
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, ‘রেলওয়ে কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান শুরু করলে আমরা তাদের সহযোগিতা করব।’