রেলগেটের জায়গা দখল করে পণ্যের দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈশ্বরদী শহরের রেলওয়ে গেটের জায়গা দখল করে দোকান তৈরি করা হয়েছে। ছবি: প্রথম আলো।
ঈশ্বরদী শহরের রেলওয়ে গেটের জায়গা দখল করে দোকান তৈরি করা হয়েছে। ছবি: প্রথম আলো।

পাবনার ঈশ্বরদী শহরে রেলওয়ের লেভেল ক্রসিংয়ের জায়গায় অবৈধ দোকান ও ভ্রাম্যমাণ বাজার গড়ে উঠেছে। এতে ট্রেন আসা-যাওয়ার সময় গেটবার নামা-ওঠার কাজে ঝুঁকি বাড়ছে। দীর্ঘদিন থেকে গেটের জায়গা দখলদারদের কবলে থাকলেও তা উদ্ধারে রেল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।

সরেজমিন ঘুরে দেখা গেছে, লেভেল ক্রসিং গেটের পশ্চিম প্রান্তে ১৫টি দোকানপাট গড়ে উঠেছে। বাঁশের খুঁটি, চট ও প্লাস্টিকের বস্তা দিয়ে তৈরি এসব দোকানে শাকসবজি, ফলমূল, চা-বিস্কুট, ঝালমুড়ি, কাপড়সহ নানা সামগ্রী বিক্রি করছেন দোকানদারেরা। লেভেল ক্রসিংয়ের দুই প্রান্তে লোহার গেটবারের স্থান দখল করে গড়ে উঠেছে বাঁশ ও টিন দিয়ে তৈরি দুটি দোকান। গেটের চারপাশ ও রেললাইনের ওপরে সাতটি স্থানে ভ্রাম্যমাণ অবস্থায় বিভিন্ন জিনিসপত্র বিক্রি করা হচ্ছে।

স্থানীয় লোকজন জানান, অবৈধ এসব দোকানপাটের কারণে লেভেল ক্রসিং গেটে প্রায় সময় যানজটের সৃষ্টি হয়। পথচারীরা নির্বিঘ্নে চলাচল করতে পারে না। গেট অতিক্রম করার সময় অটোরিকশা, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ যানবাহনের সঙ্গে অবৈধ দোকানগুলোর ধাক্কা লাগে।

মধ্য অরণখোলা এলাকার বাসিন্দা কলাম লেখক মোশারফ হোসেন মুসা বলেন, অবৈধ দখলদারেরা গেটের আশপাশ এমনভাবে দখলে নিয়েছে যে নির্বিঘ্নে রেলগেট পার হওয়া যায় না।

শহরের পিয়ারপুরের বাসিন্দা রফিকুল ইসলাম উদ্বেগ প্রকাশ করে বলেন, রেলগেটের ভেতর ও আশপাশের অবৈধ দোকানপাটের কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কারণ, ওই সব দোকানের জন্য ঠিকমতো গেটবার নামা-ওঠা করা যায় না। দোকানের মালপত্র সরিয়ে গেটবার নামাতে ও ওঠাতে হয়।

এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো এ ব্যাপারে একে অপরের ওপর দোষ চাপাচ্ছে।

ঈশ্বরদীর ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (কার্য) আবু মাসুদ জানান, দুই প্রান্তে লোহার গেটবার নামা-ওঠা করা হয় হুইল ও শক্ত তারের মাধ্যমে। মাটির তিন ফুট নিচে পাকা গর্তের ভেতরে বারের হুইল ও তার রাখা রয়েছে। গেট নামানো ও ওঠানোর সময় ওই পাকা গর্ত নিরাপদ রাখতে হয়। অথচ দিনে দিনে গেটবারের জায়গা দখল হয়ে যাচ্ছে। এতে ট্রেন চলাচলে ঝুঁকি বাড়ছে।

আবু মাসুদ বলেন, এসব অবৈধ দোকানপাট উচ্ছেদের দায়িত্ব পাকশী বিভাগীয় ভূসম্পত্তি কার্যালয়ের। লেভেল ক্রসিং গেটটি নিরাপদ রাখার জন্য দ্রুত অবৈধ দোকানপাট উচ্ছেদ করা প্রয়োজন।

এদিকে এ বিষয়ে ব্যবস্থা নিতে রেল পুলিশকে চিঠি দিয়েও লাভ হয়নি বলে জানিয়েছেন ঈশ্বরদী জংশন স্টেশন সুপারিনটেনডেন্ট আবদুল করিম। তিনি বলেন, এই লেভেল ক্রসিং গেট দিয়ে প্রতিদিন ৩২টি ট্রেন চলাচল করে। গেটটি শহরের পূর্ব ও পশ্চিম প্রান্তকে দুভাগে ভাগ করেছে। প্রতিদিন কয়েক হাজার মানুষ ও যানবাহন লেভেল ক্রসিং গেট দিয়ে এপার-ওপার চলাচল করে। তবে এখানে অবৈধ দোকানপাট গড়ে ওঠায় ট্রেন ও যানবাহন চলাচলে ঝুঁকির আশঙ্কা করা হচ্ছে। ঈশ্বরদী রেল পুলিশকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি দিয়ে অবহিত করা হয়েছে। তবে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।

এ ব্যাপারে ঈশ্বরদী রেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, রেল পুলিশের দায়িত্ব অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখা। উচ্ছেদের দায়িত্ব জংশন স্টেশন সুপারিনটেনডেন্ট ও বিভাগীয় ভূসম্পত্তি কার্যালয়ের। ফলে অবৈধ উচ্ছেদের জন্য চিঠি দিতে হবে সংশ্লিষ্ট দপ্তরে। পুলিশ শুধু এ কাজে নিরাপত্তা দেবে।

পাকশী বিভাগীয় রেলওয়ে ভূসম্পত্তি কর্মকর্তা ইউনুছ আলী মুঠোফোনে জানান, লেভেল ক্রসিং গেট এলাকায় অবৈধ দখলদারদের তালিকা তৈরি করে দ্রুত উচ্ছেদ করা হবে।