রেললাইন এলাকায় ৩ ঘণ্টার উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কারওয়ান বাজারে রেললাইনের আশপাশে উচ্ছেদ অভিযান চলছে। ছবি: সাজিদ হোসেন
রাজধানীর কারওয়ান বাজারে রেললাইনের আশপাশে উচ্ছেদ অভিযান চলছে। ছবি: সাজিদ হোসেন

দুর্ঘটনায় গতকাল চারজনের প্রাণ যাওয়ার পর আজ শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারে রেললাইনের দুপাশে তিন ঘণ্টা ধরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলে।
সকাল ১০টার দিকে রেলকর্তৃপক্ষ বুলডোজার দিয়ে রেললাইনের ওপর বসা মাছবাজার এলাকায় ডান পাশ থেকে অভিযান শুরু করে। বেলা একটা পর্যন্ত অভিযান চলে।
রেলক্রসিংয়ের প্রবেশপথ এলাকার টং দোকানদারদের ভাষ্য, মালামাল সরিয়ে নেওয়ার জন্য তাঁরা সময় চেয়েছেন। তাই আপাতত উচ্ছেদ অভিযান বন্ধ রয়েছে। আবার কখন অভিযান শুরু হবে, তা জানা যায়নি।
জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদের ভাষ্য, এফডিসি থেকে তেজগাঁও রেলস্টেশন পর্যন্ত দেড় শ দোকারঘর তাঁরা উচ্ছেদ করেছেন। আজ শেষ হলেও এই অভিযান চলমান থাকবে।
রেলপথে মুহূর্তের বিভীষিকা
বেলা ১১টার দিকে রেলওয়ের সম্পত্তি কর্মকর্তা নুরুন্নবী কবির বলেন, আজ কারওয়ান বাজার রেলক্রসিং থেকে তেজগাঁও পর্যন্ত উচ্ছেদ চলবে। এই অভিযান ধারাবাহিকভাবে চলবে। এটা সব সময়ই চলে বলে তিনি জানান।
গতকাল বৃহস্পতিবার সকালে রেললাইনের ওপর বসা মাছের বাজারে দুই ট্রেনের মাঝখানে পড়ে প্রাণ হারিয়েছেন চারজন। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন আরও পাঁচজন।


রেলওয়ে কর্মকর্তা ও পুলিশ জানায়, কারওয়ান বাজারের ওই এলাকায় প্রায়ই ট্রেনে কাটা পড়ার ঘটনা ঘটে। কমলাপুর থেকে টঙ্গী পর্যন্ত পাশাপাশি দুটি রেলপথ। এফডিসি গেটের পর ওই অংশটি দিয়ে ঢাকার বাইরে যাওয়ার পথটি সোজা। কিন্তু মগবাজার থেকে তেজগাঁও রেলক্রসিংয়ের দিকে এফডিসি গেট পর্যন্ত রেলপথটিতে ৫ ডিগ্রি বাঁক থাকায় দূর থেকে ট্রেন দেখা যায় না। এ ছাড়া প্রতিদিনই নিয়ম ভেঙে রেললাইনের ওপর বসে মাছের বাজার। 

আরও জানতে পড়ুন