রেললাইন ঘেঁষে আবারও অবৈধ দোকান, বস্তি

রাজধানীর বিভিন্ন স্থানে রেললাইন ঘেঁষে আবারও অবৈধ দোকানপাট, বস্তিঘর উঠেছে। গত বছরের ১১ সেপ্টেম্বর কারওয়ান বাজারে মাছের আড়তের কাছে ট্রেনে কাটা পড়ে চারজনের প্রাণহানির পর রেলওয়ে কর্তৃপক্ষ অভিযান চালিয়ে রেললাইনের পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছিল। কোথাও কোথাও সীমানা গ্রিলও দেওয়া হয়েছিল। নজরদারির অভাবে আবার একই অবস্থা।
তেজগাঁওয়ে এফডিসি গেট, কারওয়ান বাজার, তেজগাঁও রেলস্টেশন-সংলগ্ন স্থান, খিলগাঁও, ঢাকা-নারায়ণগঞ্জ পথের গোপীবাগ বাজার, সায়েদাবাদ, জুরাইন এলাকায় রেললাইন ঘেঁষে কাঁচাবাজার আবার বসেছে। ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত ৩০ কিলোমিটার এবং নারায়ণগঞ্জ পর্যন্ত ১১ কিলোমিটার রেলপথের কিছু অংশে রেললাইনের কয়েক গজ জায়গা বাদ রেখে লোহার গ্রিল দেওয়া হয়। বাকি অংশে গ্রিল দেওয়ার কাজ বন্ধ আছে।
গতকাল রোববার এফডিসি-সংলগ্ন রেললাইনের পাশে অনেক দোকানপাট দেখা যায়। কারওয়ান বাজারের পাশে রেললাইন ঘেঁষে শাকসবজি বেচাকেনা চলছে। কিছু দূরে বস্তিঘরও রয়েছে। তেজগাঁও স্টেশনের দুই ধারেই অবৈধ দোকান।
গোপীবাগ থেকে জুরাইন পর্যন্ত রেলপথের অন্তত চারটি স্থানে অবৈধ বাজার। জুরাইন এলাকাতেই রেললাইনের দুই ধারে অন্তত আধা কিলোমিটার অংশে ‘বাজার’ বসেছে।
গোপীবাগ বাজারের কাছে রেললাইনের ধার ঘেঁষে দোকানিরা পসরা সাজান, বিশেষত সকালে ও বিকেল চারটার দিকে। এ ছাড়া সায়েদাবাদ এলাকায়ও রয়েছে রেললাইন ঘেঁষে অবৈধ দোকান।
রেলওয়ের ঢাকা বিভাগীয় এস্টেট কর্মকর্তা নূরুন্নবী কবির বলেন, অবরোধসহ বিভিন্ন কর্মসূচির কারণে পুলিশ না পাওয়ায় কিছুদিন রেললাইনের ধারের অবৈধ দোকান উচ্ছেদ অভিযান বন্ধ ছিল। শিগগিরই অভিযান হবে। যেসব স্থানে সীমানা গ্রিল দেওয়া হয়নি, সেগুলোয় দেওয়ার বিষয়ে রেলের প্রকৌশল বিভাগ সিদ্ধান্ত নেবে।