তেজগাঁওয়ের পূর্ব ও পশ্চিম নাখালপাড়া এবং তেজকুনীপাড়ায় রেললাইনের দুপাশ ঘেঁষে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে পাঁচ শতাধিক অবৈধ দোকানপাট। এতে রেললাইনে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
স্থানীয় লোকজনের অভিযোগ, স্থানীয় কিছু ব্যক্তির সহযোগিতায় এসব দোকানপাট বসছে। বিনিময়ে প্রতিটি দোকান থেকে দিনে গড়ে ২০০ টাকা চাঁদা আদায় করা হয়।
পূর্ব নাখালপাড়া তেজগাঁও শিল্পাঞ্চল থানা এবং পশ্চিম নাখালপাড়া ও তেজকুনীপাড়া তেজগাঁও মডেল থানার অধীনে। এ দুই থানাসহ রেলওয়ে থানার পুলিশ ওই চাঁদার টাকার ভাগ পায় বলে অভিযোগ রয়েছে।
গত রোববার বিকেলে পশ্চিম নাখালপাড়া বড় মসজিদ রেল ফটক এলাকায় গিয়ে দেখা যায়, রেললাইনের দুপাশে শাকসবজি, ফলমূল, কাপড়, চায়ের দোকানসহ বিভিন্ন রকমের দোকানপাট। সেখানে কেনাকাটা করছেন ক্রেতারা। এ সময় কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেন নাখালপাড়া অতিক্রম করছিল। একই সময়ে ঢাকার বাইরে থেকে আরেকটি ট্রেন পৃথক লাইনে কমলাপুরে যাচ্ছিল। দুপাশ থেকে দুটি ট্রেন আসতে দেখে দৌড়ঝাঁপ শুরু করে পথচারী ও ক্রেতারা। যে যার মতো রেললাইন ঘেঁষা দোকানপাটে আশ্রয় নেয়।
পশ্চিম নাখালপাড়ার বাসিন্দা আরিফ হোসেন বলেন, নাখালপাড়ার এসব দোকানে কেনাকাটা করতে গিয়ে রেলের ধাক্কায় বা দৌড়ঝাঁপ করতে গিয়ে অনেকে আহত হয়।
রেলের ঢাকা বিভাগীয় সম্পত্তি বিভাগ সূত্র জানায়, গত বছরের সেপ্টেম্বরে কারওয়ান বাজারে রেল দুর্ঘটনায় একসঙ্গে চারজন মারা যান। এরপর কারওয়ান বাজার থেকে নাখালপাড়া পর্যন্ত রেললাইনের দুপাশে উচ্ছেদ অভিযান চালানো হয়, কিন্তু কিছুদিন পর আবার আগের অবস্থায় ফিরে আসে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন, দোকান বসানোর পেছনে ক্ষমতাসীন দলের কিছু স্থানীয় নেতা জড়িত।
রেলওয়ে সূত্র জানায়, গত এপ্রিলে মেট্রোরেল নির্মাণের জন্য নাখালপাড়ার রেললাইন ঘেঁষে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করা হয়। এ সময় দোকানিদের পুনর্বাসনে ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত অনুদান দেওয়া হয়।
পুনর্বাসনের জন্য ২৫ হাজার টাকা পাওয়ার পরও পূর্ব নাখালপাড়ায় রেললাইন ঘেঁষে মাচা পেতে ফলের ব্যবসা করছেন মজিবর রহমান। তিনি বলেন, ‘ওই টাকা দিয়ে দোকানের মালামাল কিনেছি। মেট্রোরেল নির্মাণের কাজ শুরু হলে চলে যাব।’
নাখালপাড়ার লোকজন ও রেললাইনের পাশের দোকানিদের অভিযোগ, রেললাইনের দোকানগুলো থেকে আবদুর রশিদ, শফিকুল ইসলাম, আয়ুব আলী, শিমুল, রুমি বেগম, রেখা আক্তার, খলিল, শফিক, রেখা, আয়ুব আলী ও রফিকুল ইসলাম দিনে গড়ে প্রতি দোকান থেকে ২০০ টাকা চাঁদা আদায় করেন। তাঁরা নিজেদের আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মী বলে পরিচয় দেন। তবে গত রোববার তাঁদের কাউকে পাওয়া যায়নি।
গত শুক্রবার সন্ধ্যায় মুঠোফোনে রুমি বেগম বলেন, চাঁদাবাজির সঙ্গে তিনি জড়িত নন। বরং তিনি রেললাইনের পাশের ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিকভাবে সহযোগিতা করেন।
রুমি বেগম ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ড যুব মহিলা লীগের সভাপতি।
তেজগাঁও মডেল থানার ওসি মাজহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, উচ্ছেদ অভিযানের পর আবার রেললাইন ঘেঁষে দোকানপাট বসার কোনো তথ্য তাঁর কাছে নেই। আর এই চাঁদাবাজির সঙ্গে তাঁর থানার কোনো পুলিশ সদস্য জড়িত নন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. আবদুর রশিদ গতকাল শনিবার বলেন, তাঁর থানার কেউ চাঁদাবাজির সঙ্গে জড়িত নন। বরং গত পরশু দিনও তাঁরা রেললাইনের পাশ থেকে কিছু দোকান উচ্ছেদ করেছেন।
এ ব্যাপারে বক্তব্য জানতে গতকাল রাতে জিআরপি থানার মুঠোফোনে যোগাযোগ করা হয়। এ সময় ফোন রিসিভ করা হলেও কেউ কথা বলেননি।