রেললাইন থেকে দুই কিশোরের লাশ উদ্ধার
নীলফামারীর ডোমার উপজেলার মিরজাগঞ্জ রেলস্টেশনের অদূরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাতপরিচয় দুই কিশোরের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের মিরজাগঞ্জ গ্রামের সদরপাড়া রেল গুমটির কাছে রেললাইনের ওপর থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। ওই দুই কিশোরের আনুমানিক বয়স ১৫ ও ১৭।
স্থানীয় লোকজন জানান, গতকাল সকালে মিরজাগঞ্জ রেলস্টেশনের প্রায় দুই কিলোমিটার উত্তরে মিরজাগঞ্জ-চিলাহাটি রেললাইনের সদরপাড়া গুমটির কাছে রেললাইনের ওপর দুই কিশোরের লাশ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে খবর দিলে সৈয়দপুর জিআরপি থানার পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে। জোড়াবাড়ি ইউপির চেয়ারম্যান আবুল হাচান বলেন, নিহত দুজন এলাকার নয়। ধারণা করা হচ্ছে, এদের হত্যার পর লাশ রেললাইনের ওপর ফেলে রাখে দুর্বৃত্তরা।
সৈয়দপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান বলেন, ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। এ ঘটনায় জিআরপি থানায় অপমৃত্যু মামলা হয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জিআরপি পুলিশ জানায়, তাদের শরীরের পেছনে ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।