রেললাইনে আড্ডা দিলেই আটক!
চট্টগ্রামের সীতাকুণ্ডে রেললাইনের ওপর আড্ডা দিলেই আটক করা হবে বলে জানিয়েছে পুলিশ। রেললাইনে দুর্ঘটনা রোধ ও মাদকসেবীদের ঠেকাতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।
গত ২০ দিনে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিভিন্ন স্থানে রেললাইনের ওপর আড্ডা ও অসতর্কতায় হাঁটতে গিয়ে ছয় ব্যক্তি নিহত হয়েছে। দুর্ঘটনায় মৃত্যু কমাতে আটক ও সচেতনতামূলক অভিযান শুরু করেছে রেল পুলিশ। গত ১৬ দিনে ৯৭ জনকে আটক করা হয়েছে। অবশ্য পরে তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
সীতাকুণ্ড ও ফৌজদারহাট রেল পুলিশ ফাঁড়ির তথ্যমতে, গত ২৭ জুলাই সীতাকুণ্ড স্টেশনের কাছে মো. মোস্তফা (৫০) নামে এক ব্যক্তি ট্রেনের ধাক্কায় নিহত হন। এ ছাড়া ৩ আগস্ট বাড়বকুণ্ডে অজ্ঞাতনামা (৩৫), ১২ আগস্ট ভাটিয়ারিতে অজ্ঞাত নামা (২২), ১৫ আগস্ট কুমিরা ইউনিয়নের উত্তর মছজিদ্দা এলাকায় অজ্ঞাতনামা (৪০) ব্যক্তি ট্রেনে কাটা পড়ে। তবে চট্টগ্রাম রেলওয়ে থানার সূত্রমতে, সীতাকুণ্ডে মোট ছয়টি দুর্ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।
এ ধরনের নিহতের ঘটনা বন্ধ করতে সীতাকুণ্ড রেল পুলিশ রেললাইনে আড্ডা দেওয়া ও লাইনের ওপর দিয়ে হাঁটার সময় আজ শুক্রবার বাড়বকুণ্ড এলাকা থেকে নয়জনকে আটক করে। এ ছাড়া গত ২ আগস্ট থেকে উপজেলার বারৈয়ারঢালা, পৌর সদরের বটতল, ইকোপার্ক, ফকিরহাট এলাকায় অভিযান চালিয়ে আরও ৮৮ জনকে আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়।
রেল পুলিশের সীতাকুণ্ড ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, রেললাইনে জুয়ার আসর, মাদক সেবনকারী কিংবা কানে হেডফোন লাগিয়ে হাঁটাচলা কিংবা আড্ডা দেওয়া ব্যক্তিদের আটক করে ফাঁড়িতে নিয়ে আসে পুলিশ। পরে তাদের সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। সেই সঙ্গে মানুষের কাছে সতর্কতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, রেললাইনের আশপাশে সব সময় ১৪৪ ধারা জারি রয়েছে। চলতি মাসের শুরু থেকে বিভিন্ন স্থানে আটক ও সচেতনতা অভিযান চালাচ্ছেন। ট্রেনের ছাদে ভ্রমণ না করার জন্যও সতর্ক করা হচ্ছে।