হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া স্টেশনের কাছে রেললাইনের ওপর থেকে তিন তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টায় পুলিশ খণ্ডবিখণ্ড লাশ তিনটি উদ্ধার করে।
নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন মাধবপুর উপজেলার বেঙ্গাডোবা গ্রামের রইছ আলীর ছেলে শিপন (২৫) এবং একই গ্রামের নানু মিয়ার ছেলে বুটলা (৩০)। অপর লাশটির মাথা বিচ্ছিন্ন হয়ে পড়ায় তাঁকে শনাক্ত করা যায়নি।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ওসমান গনি বলেন, পরিচয় পাওয়া দুজনের পেশা নিয়ে এলাকায় বেশ বিতর্ক আছে। কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তাঁরা হত্যাকাণ্ডের শিকার হতে পারেন।
নোয়াপাড়া রেলস্টেশনের মাস্টার মতিউর রহমান জানান, এই রেলপথে মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় সিলেট থেকে চট্টগ্রামগামী এবং রাত তিনটায় ঢাকা থেকে সিলেটগামী দুটি ট্রেন চলে। ওই তরুণেরা কোন ট্রেনে কাটা পড়েছেন, তা বলা যাচ্ছে না।
রেলওয়ে শ্রীমঙ্গল সেকশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, লাশগুলো অন্য স্থান থেকে এনে রেললাইনে ফেলে রাখার মতো কোনো আলামত তাঁরা পাননি। এ ব্যাপারে শ্রীমঙ্গল রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।