রেললাইনে ফলের দোকান

খিলক্ষেতে রেললাইনের ওপর প্রতিদিন বসছে ফলের দোকান। এতে দুর্ঘটনার ঝুঁকির পাশাপাশি লেভেল ক্রসিং দিয়ে যান চলাচলেও বিঘ্ন ঘটছে।
গত সোমবার সরেজমিনে দেখা যায়, খিলক্ষেত বাসস্ট্যান্ডে লেভেল ক্রসিংয়ের দুই পাশে অর্ধশতাধিক ফলের দোকান। এর মধ্যে রেললাইনের ওপরে ২০টির বেশি খাঁচায় করে আম, আনারস, আপেল, মাল্টাসহ বিভিন্ন ফল বিক্রি করা হচ্ছে। এসব দোকানের সামনে দাঁড়িয়ে ফল কিনছেন ক্রেতারা। চলে দরদাম-ফল বাছাই। এ সময় লেভেল ক্রসিংয়ের ওপরে যানজট লেগে যেতে দেখা যায়। একপর্যায়ে ট্রেন আসার সংকেত পাওয়ার পর শুরু হয়ে যায় হুড়োহুড়ি। খাঁচা নিয়ে দৌড়াদৌড়ি শুরু করেন ফল বিক্রেতারা। দৌড়ে নিরাপদ অবস্থানে চলে যান তাঁরা। ক্রেতারাও চলে যান নিরাপদ দূরত্বে।
নাম প্রকাশে অনিচ্ছুক রেলওয়ের একজন কর্মী বলেন, ‘ফল ব্যবসায়ীরা আমাদের কথা শোনেন না। তাঁদের বসতে বারণ করলে উল্টো আমাদের হুমকি-ধমকি দেন।’ তিনি বলেন, ব্যাটারিচালিত অটোরিকশার কারণে এমনিতে ক্রসিংয়ের ওপর জ্যাম লেগে যায়। এর মধ্যে লাইনের ওপরে ফল বেচাকেনার কারণে যানজট আরও বেড়ে যায়।
স্থানীয় লোকজন বলেন, রেললাইনের ওপর প্রায় সারা বছর ফল বেচাকেনা চলে। তবে আম-কাঁঠালের মৌসুমে ফল দোকানের সংখ্যা বেড়ে যায়। রেললাইনের ওপর ফল দোকানের কারণে খিলক্ষেত ও ডুমনি ইউনিয়নের বাসিন্দাদের চলাচলে ভোগান্তি পোহাতে হয়।
ডুমনীর বাসিন্দা মো. ইয়াকুব আলী বলেন, এখানে ফল বেচাকেনা ঝুঁকিপূর্ণ। অসচেতনতার কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
রেললাইনের ওপর ব্যবসা করছেন কেন, এমন প্রশ্নের জবাবে আম বিক্রেতা দুলাল মিয়া বলেন, ‘আমরা ট্রেন আসার সিগন্যাল পেলেই সবকিছু সরিয়ে ফেলি, নিজেরাও সরে যাই। কোনো দুর্ঘটনা ঘটে না।’
এ বিষয়ে জানতে চাইলে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল হক বলেন, ‘আমরা অভিযান শুরু করলে দোকানিরা খাঁচা নিয়ে দৌড় দেন, পরে আবার বসে যান।’