রেললাইনে সৈনিক লীগ নেতার লাশ অভিযোগ হত্যার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কারওয়ান বাজারে রেললাইনে গত সোমবার মধ্যরাতে ঢাকা মহানগর উত্তর সৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম নবীর (২৭) খণ্ডিত লাশ পাওয়া গেছে। নবীর বড় বোন ২২ নম্বর ওয়ার্ড মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরা চৌধুরীর অভিযোগ, মাদক ব্যবসায় বাধা দেওয়ায় তাঁর ভাইকে হত্যা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কারওয়ান বাজার শুঁটকিপট্টির সামনে গাজীপুর থেকে কমলাপুরগামী তুরাগ-৪ ট্রেনের ধাক্কায় নবী নিহত হন। পরে রেলপুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। রেলওয়ে থানার এএসআই সিরাজুল ইসলাম বলেন, নবী রেললাইনের ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় মারা যান।
নবীর লাশ গুম করার চেষ্টা করেছিল হত্যাকারীরা—এ অভিযোগ করে মনিরা বেগম বলেন, ‘গত রোববার ১২টার দিকে জাভেদ, ওয়াসিমসহ বেশ কয়েকজন সন্ত্রাসী আমাদের পশ্চিম রামপুরার বাসায় এসে নবীকে হত্যার হুমকি দেয়। পরদিন সোমবার রাত নয়টার দিকে এক যুবক আমার ভাইকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। রাত ১১টার পর থেকে নবীর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে গভীর রাতে ভাইয়ের মৃত্যুর সংবাদ পাই।’ এ ঘটনার সঙ্গে রামপুরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন জড়িত বলে তিনি অভিযোগ করেন।
নবীকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে মোয়াজ্জেম হোসেন বলেন, নবী ও তাঁর বোন মনিরা মাদক ব্যবসায় জড়িত। তিনি বলেন, ‘বেশ কিছুদিন আগে ওদের পারিবারিক বিরোধে নবীর বাবা মারা যান। ওই ঘটনায়ও মনিরা আমাকে আসামি করে মামলা করেন।’