রেললাইনের পাশ থেকে অজ্ঞাত দুটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কমলাপুর রেলস্টেশন ও বনানীতে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে লাশ দুটি পড়ে ছিল।
রেলওয়ে পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে উদ্ধার করা মৃতদেহের পরনে কালো চেক শার্ট ও সাদা থ্রি কোয়ার্টার প্যান্ট ছিল। লোকটির বয়স আনুমানিক ৫৫ বছর।
কমলাপুর জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) মো. রাজীব হোসেন জানান, স্থানীয় লোকজন পুলিশকে জানিয়েছে ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি কমলাপুর স্টেশনে ঘোরাফেরা করতেন। মঙ্গলবার সন্ধ্যার পর কোনো এক সময় তাঁর মৃত্যু হয়।
একই দিন রাত ১০টার দিকে ক্যান্টনমেন্ট ও বনানী রেলস্টেশনের মাঝামাঝি স্থানের রেললাইনের পশ্চিম পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের (৬০) লাশ উদ্ধার করে পুলিশ।
জিআরপি থানার পুলিশ জানায়, ধারণা করা হচ্ছে, রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে ওই বৃদ্ধের মৃত্যু হয়। তাঁর পরনে সাদা চেক লুঙ্গি ও সাদা চেক শার্ট ছিল।
লাশ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ভবন থেকে পড়ে মৃত্যু: গতকাল বুধবার সকালে ভাষানটেক থানার দামালকোট এলাকায় নির্মাণাধীন একটি নয়তলা ভবনের বাঁশের সিঁড়ি বেয়ে ওঠার সময় নিচে পড়ে মারা যান নির্মাণশ্রমিক লুৎফর রহমান (৩০)। তাঁর বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলার বেলতলায়। তাঁর বাবার নাম মজনু মিয়া।