রেললাইনের পাশে মাদ্রাসাছাত্রের লাশ

রাজধানীর খিলক্ষেতে একটি হোটেলের পাশে রেললাইন থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় মাদ্রাসাছাত্র নাজমুলের (১০) লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেলে লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
পুলিশ জানায়, নাজমুল রাজধানীর জামতলা এলাকায় থাকত। তার বাবার নাম মৃত আমিরুল হোসেন। তার মা নাজমা বেগম তৃতীয় স্বামীর সঙ্গে জামতলা এলাকায় ভাড়া বাসায় থাকেন।
ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, গলায় গামছা প্যাঁচানো অবস্থায় নাজমুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেকে পাঠানো হয়েছে। নাজমুল জামতলা এলাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করত।
উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে দুষ্কৃতকারীরা অজ্ঞাত স্থানে শ্বাসরোধে হত্যা করে রেললাইনের ওপর তাকে ফেলে রেখে গেছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।