রেললাইনের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে রেললাইনের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গতকাল বুধবার অভিযান চালানো হয়। এতে টঙ্গী রেলওয়ে জংশন থেকে রেলসেতু পর্যন্ত এলাকার দুই পাশে গড়ে ওঠা অবৈধ বস্তি, ঘরবাড়ি, দোকানপাটসহ ৬০০ স্থাপনা উচ্ছেদ করা হয়।
গাজীপুরের নির্বাহী হাকিম নাহিদা পারভীনের নেতৃত্বে গতকাল সকালে এই অভিযান শুরু হয়। এ সময় রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও উপসচিব এ কে এম নুরুন্নবী, সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা কাজী হাবিব উল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, টঙ্গী রেলওয়ে জংশন থেকে রেলসেতু পর্যন্ত এলাকায় ৬০০ অবৈধ বস্তি, ঘরবাড়ি ও দোকানপাট বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গত মঙ্গলবারের অভিযানে টঙ্গী স্টেশন থেকে বউ বাজার পর্যন্ত প্রায় ৫০০ অবৈধ বস্তি, ঘরবাড়ি ও দোকানপাট উচ্ছেদ করা হয়।
ব্যবসায়ী সাইফুল ও রফিকুল জানান, কোনো নোটিশ ছাড়াই এই উচ্ছেদ অভিযান শুরু করা হয়। সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা কাজী হাবিব উল্লাহ জানান, সব আইনি প্রক্রিয়া যথাযথভাবে শেষ করার পরই এই অভিযান শুরু করা হয়েছে।