রেললাইনের পাশের কয়েক শ গাছ সাবাড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রেললাইনের পাশ থেকে কেটে নেওয়া গাছের গোড়া l ছবি: প্রথম আলো
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রেললাইনের পাশ থেকে কেটে নেওয়া গাছের গোড়া l ছবি: প্রথম আলো

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহিনীপাড়া এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ী রেললাইনের পাশের কয়েক শ গাছ কেটে ফেলেছেন স্থানীয় কয়েক ব্যক্তি। এক সপ্তাহ ধরে প্রায় আধা কিলোমিটার দীর্ঘ এলাকার এসব গাছ কাটা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, রেললাইনের এক পাশে আধা কিলোমিটার এলাকার কয়েক শ ইপিল ইপিল গাছ কেটে ফেলা রাখা হয়েছে। কিছু গাছ নিয়েও যাওয়া হয়েছে।
স্থানীয় লোকজন জানান, আলাউদ্দীনসহ লাহিনী পাড়ার রমজানের কয়েকজন আত্মীয় রেলের জায়গা বন্দোবস্ত নিয়ে এসব গাছ লাগিয়েছিলেন।
রমজান আলী বলেন, ইপিল ইপিলসহ নানা প্রজাতির ৫০০-এর বেশি গাছ তাঁরা লাগিয়েছিলেন। এখন সেগুলো কেটে বিক্রি করে দিচ্ছেন। পরে সেখানে ছোট চারা লাগানো হবে।
পাকশী রেলওয়ের ভূ-সম্পত্তি কর্মকর্তা মোস্তাক আহমেদ বলেন, রেললাইনের দুই পাশে ২৫ ফুটের মধ্যে কোনো জায়গা ইজারা বা বন্দোবস্ত দেওয়ার কোনো বিধান নেই। যদি কেউ গাছ লাগিয়ে ও কেটে থাকে সেটা বেআইনি হয়েছে। ২৫ ফুটের বাইরে কৃষি জমি ইজারা দেওয়া হয়ে থাকে।
কুষ্টিয়া বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন বলেন, ঘটনাস্থলে একজন কর্মকর্তা পাঠানো হয়েছিল। ৪০০ থেকে ৫০০ ইপিল ইপিল গাছ কাটা হয়েছে। গাছগুলো বন বিভাগের আওতায় না। তারপরও এত গাছ কাটার ব্যাপারে বন বিভাগের অনুমতি নেওয়ার বিধান রয়েছে।
জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেন, কুমারখালী যাওয়ার পথে কাটা গাছগুলো চোখে পড়ে। এ ব্যাপারে খোঁজ করে ব্যবস্থা নিতে রেলওয়ে বিভাগকে বলা হয়েছে।