রেললাইনের লোহার পাত উদ্ধার, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বেলতলী বাজার থেকে গতকাল মঙ্গলবার রেললাইনের লোহার পাতভর্তি একটি ট্রাক্টরসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় দিনাজপুর রেলওয়ের এক কর্মকর্তা বাদী হয়ে মামলা করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, খবর পেয়ে গতকাল ভোর পাঁচটায় অভিযান চালিয়ে প্রথমে বালুবোঝাই ওই ট্রাক্টরটি জব্ধ করা হয়। পরে তল্লাশি করে বালুর ভেতর থেকে ১০ ফুট দৈর্ঘ্যের নতুন আটটি লোহার পাত উদ্ধার করা হয়। এ সময় ট্রাক্টরচালক সুলতান আলম (৩০) ও তাঁর সহকারী মোকছেদ আলীকে (৩২) আটক করে পুলিশ।
ট্রাক্টরের চালক সুলতান জানান, বাসুদেবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মনির হোসেন ও একই ইউনিয়নের অপর ইউপি সদস্য আলম মিয়া এবং তাঁদের সঙ্গী ফারুক হোসেন (৩০) নামের এক যুবক ট্রাক্টরটি ভাড়া করেন। পরে তাঁরা তাঁকে (সুলতান) নিয়ে উপজেলায় রেলের ১৪ নম্বর সেতুর কাছে নিয়ে যান। সেখান থেকে ওই লোহার পাত তুলে তাঁরা বালু দিয়ে ঢেকে দেন। এরপর তাঁরা ট্রাক্টর নিয়ে নীলফামারীর সৈয়দপুর শহরে যাওয়ার পরিকল্পনা করেন। কিন্তু তার আগেই পুলিশ এগুলো জব্ধ করে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন মোস্তফা জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে রেললাইনের লোহার পাতসহ অন্যান্য সরঞ্জাম চুরি করছিল। পুলিশের নজরদারির কারণে দুজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। জিজ্ঞাসাবাদে সুলতান রেলওয়ের মালামাল চুরি ও পাচারে জড়িত ব্যক্তিদের নাম বলেছেন।
রেলওয়ের দিনাজপুর কার্যালয়ের জ্যেষ্ঠ উপসহাকারী প্রকৌশলী মো. আবুল জাফর রাকিব হাসান জানান, এ ঘটনায় তিনি বাদী হয়ে দিনাজপুর রেলওয়ে থানায় মামলা করেছেন। থানার ওসি মো. গোলাম মোস্তফা জানান, সুলতান ও মোকছেদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।