রেলস্টেশন না মার্কেট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিমানবন্দর রেলস্টেশনের যাত্রীদের বিশ্রামাগারের পাশেই বসেছে দোকান। ছবিটি গত বৃহস্পতিবার দুপুরে তোলা l প্রথম আলো
বিমানবন্দর রেলস্টেশনের যাত্রীদের বিশ্রামাগারের পাশেই বসেছে দোকান। ছবিটি গত বৃহস্পতিবার দুপুরে তোলা l প্রথম আলো

রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে অতিরিক্ত দোকানের কারণে যাত্রীদের চলাচল ও ট্রেনে ওঠানামায় সমস্যা হচ্ছে। রেল কর্তৃপক্ষ বলছে, এসব দোকান পর্যায়ক্রমে প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলা হবে। এ ছাড়া স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের পেছনেও গড়ে উঠেছে অবৈধ দোকানপাট।
রেলস্টেশন ঘুরে দেখা যায়, ১ নম্বর প্ল্যাটফর্মের ওপর অন্তত ২০টি স্থায়ী দোকান আছে। কর্তৃপক্ষের অনুমতি নিয়ে প্ল্যাটফর্মজুড়ে সারি দিয়ে এসব দোকান গড়ে উঠেছে। ভিআইপি বিশ্রামাগারের প্রবেশমুখেই এমন একটি দোকানের কারণে যাত্রীদের ঢুকতে ও বের হতে সমস্যা হচ্ছে।
ব্যবসায়িক কাজে নিয়মিত বিমানবন্দর স্টেশন দিয়ে যাতায়াত করেন মুরাদুজ্জামান। তিনি বললেন, বিমানবন্দর স্টেশনে অতিরিক্ত দোকান। দোকানের কারণে স্টেশনের জায়গা দখল হয়ে গিয়ে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেবাধর্মী প্রতিষ্ঠান রেলওয়ে যেন ব্যবসাকেই বেশি প্রাধান্য দিচ্ছে।
বিমানবন্দর রেলস্টেশন নিয়মিত ব্যবহার করেন এমন কয়েকজন যাত্রী এ বছরের শুরুতে রেলের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক বরাবর লিখিত আবেদন করেন। এতে যাত্রীরা অভিযোগ করেন, ‘আপ্যায়ন ফাস্ট ফুড, আরএফসি ফাস্ট ফুড, ফরিদপুর কফিশপসহ বেশ কয়েকটি দোকান প্ল্যাটফর্মের এমন জায়গায় অবস্থিত, যার কারণে যাত্রীদের ট্রেনে ওঠানামায় বিড়ম্বনায় পড়তে হয়।’

মাস তিনেক আগে বিমানবন্দর রেলস্টেশনে সংস্কার ও সম্প্রসারণের পর আপ্যায়ন দোকানটি আগের জায়গা থেকে সরিয়ে নেওয়া হয়। তবে কিছুটা সরে এলেও দোকানটি ১ নম্বর প্ল্যাটফর্মের ওপরেই রয়েছে।

আপ্যায়ন ফাস্ট ফুডের মালিক মো. সিরাজ প্রথম আলোকে বলেন, ‘দোকানের সবকিছু রেলওয়ের নিয়ম মেনে করা। রেলওয়ে কর্তৃপক্ষই নতুন জায়গা ঠিক করে দিয়েছে। তিন মাস আগেই জায়গা বদলিয়ে আমরা অনেক ক্ষতিগ্রস্ত। আবারও জায়গা পরিবর্তন করা লাগতে পারে বলে কর্তৃপক্ষ বলেছে।’

স্টেশনে যাত্রীদের জন্য একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিনা মূল্যে পানি বিতরণের ব্যবস্থা চালু করা হলেও সেটি বেশির ভাগ সময়ই বন্ধ থাকে। স্টেশনের দোকানিরা বোতলজাত পানি বিক্রির উদ্দেশ্যে বিনা মূল্যের পানি সরবরাহের ব্যবস্থা বন্ধ রাখেন বলে একাধিক যাত্রী অভিযোগ করেন।

২ নম্বর প্ল্যাটফর্মের পেছনে বাঁশ, টিনের তৈরি ঝুপড়িঘরগুলো মূলত ভাত-তরকারির হোটেল। স্টেশনের এক নিরাপত্তারক্ষী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘কর্তৃপক্ষ এ বছরের মে মাসেই একবার এসব দোকান উচ্ছেদ করেছিল। কিন্তু আবার বসতে শুরু করেছে। এসব দোকানের আড়ালে মাদকের ব্যবসা চলে বলে শোনা যায়।’ 

বিমানবন্দর রেলস্টেশনের এসব দোকানের বিষয়ে রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (ঢাকা) মো. আরিফুজ্জামান বলেন, অবৈধ দোকান উচ্ছেদ একটি চলমান প্রক্রিয়া। উচ্ছেদ করার পরে আবার বসছে। সামনেই এসব দোকান তুলে দেওয়া হবে। আর স্থায়ী দোকানগুলো প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়ার ব্যাপারে কাজ চলছে। এসব দোকানও এখানে থাকবে না।

বিমানবন্দর রেলস্টেশনের গণশৌচাগার দুটিতে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত হারের চেয়ে বেশি টাকা নেওয়া হচ্ছে। প্রস্রাবের জন্য ২ ও পায়খানার জন্য ৫ টাকা নির্ধারিত থাকলেও ৫ ও ১০ টাকা করে নেওয়া হচ্ছে।

দেখা যায়, শৌচাগারের বাইরে এক ব্যক্তি টেবিল-চেয়ার নিয়ে বসে আছেন। শৌচাগারে ঢোকার সময় জানতে চাইছেন কী প্রয়োজনে শৌচাগার ব্যবহার করবেন। শৌচাগার থেকে বের হতেই যাত্রীদের কাছ থেকে বেশি টাকা চাইছেন। এ নিয়ে একাধিক যাত্রীর সঙ্গে ওই ব্যক্তির উত্তপ্ত বাক্যবিনিময় হতেও দেখা যায়।  আশপাশে রেলওয়ের এত লোকজন, কেউ যেন কিছু দেখে না।’ 

এ ব্যাপারে রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (ঢাকা) বলেন, টাকা বেশি নেওয়ার অভিযোগ অনেক যাত্রীই করছেন। অভিযোগের বেশির ভাগই মৌখিক। যারা শৌচাগার পরিচালনার দায়িত্বে আছে, তাদের পরিবর্তন করা হবে। ঠিকাদারদের দিয়ে পরিচালনার ব্যবস্থাও বদল হতে পারে।