রেলস্টেশনে বাসশ্রমিক-নিরাপত্তাকর্মী-পুলিশ সংঘর্ষ
রাজশাহী রেলওয়ে স্টেশনে আজ সোমবার সকালে বাসশ্রমিকদের সঙ্গে নিরাপত্তাকর্মী ও পুলিশের সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় তিনজন পুলিশ সদস্য ও চারজন নিরাপত্তাকর্মী আহত হন। পুলিশ চারটি ফাঁকা গুলি ছুড়েছে।
আহত ব্যক্তিরা হলেন রেলওয়ে থানা-পুলিশের (জিআরপি) উপপরিদর্শক (এসআই) শাহাবুল, সহকারী উপপরিদর্শক (এএসআই) হাশেম, কনস্টেবল বাদশা মিয়া, নিরাপত্তাকর্মী জহুরুল, রাসেল ও সেইম। তাঁরা রেলওয়ে হাসপাতালে প্রাথমিক চিকিত্সা নিয়েছেন।
রেলওয়ের নিরাপত্তাকর্মী ও রেলওয়ে থানার পুলিশ (জিআরপি) সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত তিনটার দিকে স্টেশনের প্লাটফর্মে বসে দূরপাল্লার বাস বুকিং শ্রমিক কর্মচারী ইউনিয়নের সদস্য রমজান কয়েকজনকে সঙ্গে নিয়ে গাঁজা সেবন করছিলেন। এ সময় রেলের নিরাপত্তাকর্মী কাওসার তাঁদের সরিয়ে দেন।
এ ঘটনার জের ধরে সকাল নয়টার দিকে রমজানের নেতৃত্বে কয়েকজন বাসশ্রমিক স্টেশনে গিয়ে নিরাপত্তাকর্মী কাওসারকে পেটান। এরপর পৌনে ১০টার দিকে শ্রমিকদের ৩০-৪০ জনের আরেকটি দল রেলস্টেশনের গেটে ভাঙচুর চালায়। এ সময় রেলের নিরাপত্তাকর্মীদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ বাধে। বাস শ্রমিকেরা রোকনুজ্জামান নামের এক নিরাপত্তাকর্মীকে মারধর করে তাঁর রাইফেল কেড়ে নেওয়ার চেষ্টা করেন। পুলিশ ও নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাঁদের আবারও সংঘর্ষ হয়। খবর পেয়ে জিআরপি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারটি ফাঁকা গুলি ছোড়ে। এরপর বাসশ্রমিকেরা ইট-পাটকেল ছুড়তে ছুড়তে পালিয়ে যান।
রাজশাহী রেলওয়ে স্টেশনের সুপার আব্দুল করিমের ভাষ্য, শ্রমিকেরা স্টেশনে কর্মরত নিরাপত্তাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালান। ইট-পাটকেল নিক্ষেপ করে স্টেশনের দরজা-জানালার কাচ ভাঙচুর করেন।
এ ব্যাপারে দূরপাল্লার বাস বুকিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের ভাষ্য, রাতে বাসের বুকিং দিয়ে ফিরতে তাঁদের সদস্যদের দেরি হয়। গতকাল রাতে তাঁদের এক সদস্যকে বাড়ি ফেরার সময় মারধর করা হয়। সকালে তাঁদের সংগঠনের সাধারণ সম্পাদক ইসরাফিলসহ কয়েকজন এ ব্যাপারে নিরাপত্তাকর্মীদের সঙ্গে কথা বলতে যান। এ সময় ভুল বোঝাবুঝি থেকে গণ্ডগোল হয়েছে। তাঁরা বিষয়টি মিটিয়ে ফেলার চেষ্টা করছেন। সংগঠনের সদস্যদের মাদক সেবনের কথা অস্বীকার করেন তিনি।
রাজশাহী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কুমার ঘোষ প্রথম আলোকে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।