রেলস্টেশনের কোয়ার্টার ভাড়া দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট-আখাউড়া রেলপথের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনু রেলস্টেশনের সরকারি কোয়ার্টারের তিনটি বাসা রেলওয়ের এক কর্মচারী ভাড়া দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
কুলাউড়া জংশন রেলস্টেশন কর্তৃপক্ষ ও শ্রীমঙ্গল রেলওয়ে থানা সূত্রে জানা গেছে, ‘ডি’ শ্রেণির মনু রেলস্টেশনে দীর্ঘদিন ধরে কোনো মাস্টার নেই। পোর্টার (চতুর্থ শ্রেণির কর্মচারী) বাদল রানা স্টেশনের সার্বিক কার্যক্রম দেখভাল করতেন। পয়েন্টসম্যান পদে পদোন্নতি পেয়ে গত ২৫ ডিসেম্বর তিনি বরমচাল রেলস্টেশনে যোগদান করেন। ফলে মনু স্টেশনের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
মনু স্টেশনের পাশের মাতাবপুর গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন, জুনাব আলী, সাইদুর রহমানসহ পাঁচ ব্যক্তি অভিযোগ করেন, পোর্টার বাদল স্টেশনের কোয়ার্টারের তিনটি বাসা একই গ্রামের কাঠ ব্যবসায়ী জমশেদ আলী, জমশেদের বড় ছেলে আলমগীর হোসেন ও ভাতিজা অটোরিকশাচালক সেলিম আহমদকে ভাড়া দিয়েছেন। জমশেদ ও তাঁর ছেলে ছয়-সাত মাস এবং সেলিম প্রায় দুই মাস ধরে সেখানে পরিবার নিয়ে বাস করছেন। প্রতিটি বাসায় তিনটি করে কক্ষ ও একটি করে গোসলখানা আছে।
সম্প্রতি সরেজমিনে কোয়ার্টারের তিনটি বাসায় গিয়ে কোনো পুরুষকে পাওয়া যায়নি। মুঠোফোনের নম্বর সংগ্রহ করে ভাড়াটে সেলিমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।
পোর্টার বাদল বাসা ভাড়া দেওয়ার অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে বলেন, ‘স্টেশন বন্ধ। সেখানে অনেক মালামাল আছে। স্টেশন আর মালামাল পাহারা দেওয়ার জন্য কোয়ার্টারে তিনটি পরিবারকে থাকার জন্য বলেছি।’ এ জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয়েছে কি না, জানতে চাইলে তিনি এই প্রশ্নের কোনো জবাব দেননি।
এ ব্যাপারে জানতে চাইলে সিলেট-আখাউড়া রেলপথে দায়িত্বে থাকা ট্রাফিক পরিদর্শক (বাণিজ্যিক) নূরুল ইসলাম বলেন, বহিরাগত কাউকে কোয়ার্টারের বাসা ভাড়ার দেওয়ার নিয়ম নেই। এটা করে থাকলে তা অবৈধ। খোঁজ নিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।