রেলের গণশুনানিতে টিকিট কালোবাজারির অভিযোগ যাত্রীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলওয়ের সেবার মানোন্নয়নে যাত্রী এবং সাধারণের অভিযোগ নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। এ সময় বেশ কিছু যাত্রীর রেলের টিকিট কালোবাজারি এবং পরিষেবা নিয়ে নানা অনিয়মের অভিযোগ তোলেন।
গণশুনানিতে রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা বেলাল উদ্দিন উপস্থিত ছিলেন। তিনি যাত্রীদের অভিযোগ সম্পর্কে বলেন, ‘আমরা যাত্রীদের অভিযোগ শুনেছি। সেবার মান বৃদ্ধির লক্ষ্যে অভিযোগগুলোর বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এ ছাড়া টিকিট বিক্রিতে কোনো প্রকার অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে।’
পর্যায়ক্রমে ১৮টি স্টেশনে এই গণশুনানি অনুষ্ঠিত হবে বলে বেলাল উদ্দিন জানান।
স্টেশনের ব্যবস্থাপকের কক্ষে অনুষ্ঠিত শুনানিতে মাহমুদা আফরোজ নামের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী অভিযোগ করে বলেন, ‘কাউন্টারে টিকিট পাওয়া যায় না। কিন্তু বাইরে কালোবাজারিদের হাতে টিকিট পাওয়া যায়। এটা খুব দুঃখজনক।’
একই অভিযোগ করেন বিশ্ববিদ্যালয়ের অপর ছাত্রী মুন্নী। তিনি বলেন, ‘কাউন্টারে টিকিট না পেয়ে আমি একবার কালোবাজারি থেকে টিকিট কিনেছি।’