রেলের গাছ কেটে নিল দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেল পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সার্বক্ষণিক পাহারা থাকা সত্ত্বেও রেলের একটি শিশুগাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পাবনার ঈশ্বরদী জংশন স্টেশনের পশ্চিম পাশে রেলওয়ের পরিত্যক্ত রেস্টহাউসের সামনে গত মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, টানা কয়েক দিনের বর্ষণে পুরোনো এই শিশুগাছটির গোড়া উপড়ে যায় এবং মাটিতে হেলে পড়ে। এই সুযোগে স্থানীয় দুর্বৃত্তরা বৃষ্টির সময় প্রথমে গাছের ডালপালা কেটে নেয়। পরে গত মঙ্গলবার দিনের বেলায় আট-দশজন দুর্বৃত্ত দীর্ঘ সময় ধরে করাত ও কুড়াল দিয়ে গাছটি কাটতে থাকে। একপর্যায়ে দুর্বৃত্তরা গাছটি কেটে কয়েকটি ভ্যানে করে নিয়ে চলে যায়। কেউ বাধা দেয়নি। এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। গাছটির মূল্য ৬০ হাজার টাকা বলে এলাকাবাসীর ধারণা। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন, দুর্বৃত্তরা গাছটি লুট করে নেওয়ার পর বিমানবন্দর সড়কে একটি করাতকলে বিক্রি করে দিয়েছে।
তবে গাছ কেটে নেওয়ার তিন দিন অতিবাহিত হলেও ঈশ্বরদী রেল থানা, নিরাপত্তা বাহিনী, স্টেশন সুপারিনটেনডেন্টসহ স্টেশনের কেউ এর কিছুই জানতেন না বলে দাবি করেন। স্থানীয় সংবাদকর্মীর মাধ্যমে তাঁরা বিষয়টি জানতে পারেন। ঘটনা জানার পর গতকাল বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদী রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (কার্য) হাবিবুর রহমান ঘটনাস্থলে লোক পাঠান।
হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ওখানে তো জিআরপি পুলিশের ব্যারাক আছে। পাশেই থাকেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। স্টেশন প্ল্যাটফর্ম থেকে সব দেখা যায়। তারপরও দুর্বৃত্তরা প্রকাশ্যে গাছ কেটে নিয়ে গেল কীভাবে? এখন সেখানে গাছ নাই, গোড়া পড়ে আছে।’ এ ঘটনায় থানায় মামলা করা হবে বলে তিনি জানান।
ঈশ্বরদী রেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুয়মায়ূন কবির বলেন, ‘এত বড় গাছ অল্প সময়ে কেটে নেওয়া সম্ভব ছিল না।’ কাদের দায়িত্বে অবহেলার কারণে গাছ লুট হয়ে গেল—এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘গাছ তো আমরা দেখাশোনা করি না। কেউ মামলা দিলে ব্যবস্থা নেই।’
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (সার্বিক) ঈশ্বরদী চৌকির প্রধান পরিদর্শক আবু হেনা বলেন, তিনি গাছ লুটের বিষয়ে কিছুই জানেন না। এইমাত্র সাংবাদিকের কাছে ঘটনাটি জেনেছেন। এ বিষয়ে খোঁজ নিয়ে পরে জানাবেন।