রেলের জমি দখল করলেন পুলিশ কর্মকর্তা, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরে পুলিশের এক কর্মকর্তার বিরুদ্ধে রেলের কোয়ার্টার ও জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পার্বতীপুর রেলওয়ে থানায় গত শনিবার রাতে মামলা হয়েছে।

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি শহরের নিউ কলোনি মহল্লার একটি রেল কোয়ার্টার দখল করেন উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম। ওই কর্মকর্তা দখল করা কোয়ার্টারে পরিবারসহ বসবাস শুরু করেন। রফিকুল দিনাজপুরে কর্মরত।

পার্বতীপুর রেলওয়ের পূর্ত বিভাগের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী তহিদুল ইসলাম বলেন, দখল করা জমিতে স্থাপনা গড়ে তোলা হচ্ছিল। এতে বাধা দেওয়া হয়। পরে গত শনিবার রেলের ভূ-সম্পত্তি বিভাগের ফিল্ড কানুনগো মনোয়ার হোসেন কোয়ার্টার ও জমি দখলের অভিযোগ এনে একটি মামলা করেন।

এ ব্যাপারে এসআই রফিকুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর স্ত্রী লাইজু বেগম বলেন, ‘পড়ে থাকা কোয়ার্টার কত মানুষ দখল করে আছে, আমরাও করেছি। রেলের যখন প্রয়োজন হবে তখন ছেড়ে দেব।’