রেলের জমি দখল করে গরুর খামার
নীলফামারীর সৈয়দপুর শহরে রেলের প্রায় ১০ শতক জায়গা দখল করে গরুর খামার ও দোকানঘর নির্মাণ করা হচ্ছে। মোহাম্মদ সাদ্দাম ওরফে সাদ্দাম কসাই নামের এক ব্যক্তি ওই জমি দখল করে এসব স্থাপনা নির্মাণ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
রেল কলোনি সাহেবপাড়ার বাসিন্দা রেজাউল করিম অভিযোগ করেন, সাদ্দাম এক মাস আগে সৈয়দপুর শহরের সাহেবপাড়া ইংলিশ সড়কের রেল কোয়ার্টার-সংলগ্ন ১০ শতক জমি দখল করেন। সেখানে তিনি শ্রমিক নিয়োগ করে গরুর খামার ও কমপক্ষে ১০টি দোকানঘর নির্মাণ করছেন।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, রেলের ওই ১০ শতক জমি টিনের বেড়া দিয়ে ঘিরে রাখা হয়েছে। ভেতরে অবৈধ স্থাপনা নির্মাণকাজ চলছে। সেখানে কথা হয় মোহাম্মদ সাদ্দামের (৩৫) সঙ্গে। তিনি বলেন, দখল করা জায়গায় তিনি দোকান ও গরুর খামার নির্মাণ করছেন। রেলের জমিতে কেন অবৈধ স্থাপনা নির্মাণ করছেন জানতে চাইলে বলেন, ‘আমরা অনেক দিন ধরে সাহেবপাড়া এলাকায় বসবাস করছি। আর রেলের জমি তো সবাই দখল করছে। আমরা রেলের কর্মকর্তাদের ম্যানেজ করেছি, কাজেই কেউ বাধা দিচ্ছে না।’ তিনি আরও বলেন, ‘লিখে কিছু হবে না, অনেক সাংবাদিকও আমার কাছে টাকা নিয়েছেন।’
সৈয়দপুর রেলওয়ের পূর্ত বিভাগের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (এসএসএই) তহিদুল ইসলাম বলেন, ‘সাহেবপাড়ায় দখলবাজেরা ভয়াবহ অবস্থার সৃষ্টি করেছে। কিছু দিন আগে দখল ঠেকাতে গিয়ে আমি ওদের হাতে লাঞ্ছিত হয়েছি। তবে সাদ্দাম যে রেলের জমি দখল করেছেন, তা আমি জানি না।’
রেলের জমি দখলে নিতে রেলের কর্মকর্তারা উৎকোচ নিচ্ছেন কি না জানতে চাইলে তহিদুল ইসলাম বলেন, ‘প্রশ্নই ওঠে না। যেখানে “জোর যার মুল্লুক তার” নীতিতে দখলবাজি হচ্ছে, সেখানে আমরা খেলার পুতুল ছাড়া কিছুই না। আর এর নেপথ্যে যাঁরা আছেন, তাঁদের বিরুদ্ধে কথা বলার উপায় নেই।’
রেলওয়ের সৈয়দপুর পূর্ত বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, সৈয়দপুরে রেলের জমিতে অসংখ্য অবৈধ স্থাপনা রয়েছে। কিছু দিন আগেও এ ধরনের স্থাপনা উচ্ছেদ হয়েছে। রেল কর্তৃপক্ষ পর্যায়ক্রমে এসব স্থাপনা উচ্ছেদ করবে। সাহেবপাড়ায় দখল হওয়া ওই জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে মামলাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।