রেলের জমিতে দোকান তুলে বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুট রেলস্টেশনের জমি দখল করে নির্মাণ করা বিপণিবিতান। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো
জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুট রেলস্টেশনের জমি দখল করে নির্মাণ করা বিপণিবিতান। ছবিটি সম্প্রতি তোলা l প্রথম আলো

জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুট রেলস্টেশনের জমিতে দোকান তুলে তা বিক্রি করছেন স্থানীয় কুলিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো. মমতাজ আলী।
দুরমুট স্টেশনমাস্টার দেওয়ান হারুন জানান, স্টেশন এলাকায় রেললাইনের পূর্ব ও পশ্চিম পাশের ১২০ শতক কৃষিজমি মমতাজ আলী ও তাঁর বড় ছেলে ইদুল হক ইজারা নেন। চলতি বছরের ২০ জুলাই বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় এস্টেট কর্মকর্তা ওই ইজারা বাতিল করেন। কিন্তু শ্রমিক লীগের প্রভাবশালী এই নেতা কোনো কিছুর তোয়াক্কা না করে ওই জমিতে মার্কেট নির্মাণ করে দোকানঘর বিক্রি করে চলেছেন।
দেওয়ান হারুন বলেন, রেলওয়ের জমির ওপর অবৈধ স্থাপনা নির্মাণের বিষয়টি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এরপর গত ১৯ জুন রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে জামালপুর রেলওয়ে থানা (জিআরপি) ও মেলান্দহ থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করে। ওই তদন্তকাজে স্টেশনমাস্টার দেওয়ান হারুন সহযোগিতা করেন। এ কারণে মমতাজ আলীর ছেলে সোলাইমান এবং তাঁর লোকজন ধারালো অস্ত্র নিয়ে দেওয়ান হারুনের কার্যালয়ে হামলা চালান। এ সময় কার্যালয়ের দরজা জানালা বন্ধ করে কোনোরকমে প্রাণ রক্ষা করেন হারুন।
স্টেশনমাস্টার অভিযোগ করেন, অবৈধ দখলদারেরা ওই জমি ছাড়াও স্টেশনের প্ল্যাটফর্ম-সংলগ্ন জমিতে অবৈধভাবে আরও ১২টি দোকানঘর নির্মাণ এবং আটটি খালি জায়গায় মাটি ভরাট করে দখল করে রেখেছেন।
স্থানীয় একটি মুদি দোকানের মালিক জহুরুল ইসলাম বলেন, ‘শ্রমিক লীগ নেতা মমতাজ আলীর কাছ থেকে আমি দোকানঘর নিয়েছি। তবে এখনো টাকা দিইনি।’
জহুরুল বলেন, ‘শুধু আমি নই, কুলিয়া গ্রামের আব্বাস উদ্দিন, লেবু মিয়া, সুলতান মাহমুদ, হানিফ উদ্দিনসহ আরও অনেকেই মমতাজ আলীর কাছ থেকে রেলওয়ের জমি কিনে নিয়ে পাকা দোকানঘর নির্মাণ করছেন।’
মো. ইদুল হক বলেন, ‘সবাই বলে, আমরাই নাকি রেলের সব জমি দখল করে নিয়েছি। কিন্তু রমজান, জিয়াউল হক, মেহের আলী, মাসুদ, ছাত্তারসহ স্থানীয় আরও লোকজন জমি দখল করে দোকান নির্মাণ করছেন। অথচ তাঁদের নিয়ে কোনো সমালোচনা নাই।’
মমতাজ আলী রেলওয়ের জমি দখলের কথা স্বীকার করে বলেন, ‘আমি দোকান বিক্রি করি নাই। তবে আমার দখলে চার-পাঁচটি দোকানঘর আছে।’
রেলওয়ে জামালপুরের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী রেজাউল হক বলেন, রেলওয়ের জমি দখলের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারাই প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
মুঠোফোনে রেলওয়ের ঢাকা বিভাগীয় এস্টেট কর্মকর্তা নূরুন্নবী কবীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘দুরমুট স্টেশনের কাছে রেলওয়ের জমি বেদখল হওয়ার ঘটনাটি আমি শুনেছি। রেলের ওই জমি মাস খানেকের মধ্যে উদ্ধার করা হবে।’
জামালপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার বলেন, এ বিষয়ে তাঁদের কাছে রেল বিভাগের কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ভূমি দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।