রেলের জমিতে যুবলীগ নেতার পাকা স্থাপনা
জামালপুর পৌর শহরের শেখের ভিটা এলাকায় রেলের জমিতে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে যুবলীগের এক নেতার বিরুদ্ধে। এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে গত শনিবার স্থানীয় এক সাংবাদিক মারপিটের শিকার হয়েছেন।
গত রোববার দুপুরে সরেজমিনে দেখা যায়, ওই এলাকার রেলের লেভেল ক্রসিংয়ের পূর্বপাশে লম্বা করে ইটের দেয়াল নির্মাণ করা হচ্ছে।
স্থানীয় লোকজন বলেন, ওই জায়গা দিয়ে শহরের পানিনিষ্কাশন হতো। সেটি বন্ধ করে স্থাপনা নির্মাণ করা হয়েছে। জমিটির পূর্ব পাশ দিয়ে কয়েকটি গাছও ছিল। পাকা ঘর তোলার কারণে গাছগুলোও কেটে ফেলা হয়েছে।
জামালপুর রেলওয়ের স্টেশনমাস্টার মির্জা সামছুল হাইদার বলেন, রেলের জমিতে পাকা স্থাপনা নির্মাণ অবৈধ। তবে কৃষিকাজ করার জন্য কোনো ব্যক্তি জমি ইজারা নিতে পারেন।
স্থানীয় লোকজন আরও বলেন, পৌর শহরের শেখের ভিটা এলাকার বাসিন্দা ও জেলা যুবলীগের সহসাধারণ সম্পাদক সুমন মিয়া ১৫ দিন ধরে রেলওয়ের প্রায় ৪ শতাংশ জমিতে পাকা স্থাপনা নির্মাণ করছেন। সেখানে তিনি একটি গুদাম বানাবেন। ওই স্থাপনার পূর্ব পাশে কিছু জমি তাঁর চাচাতো ভাই রাসেল মিয়াও দখল করে রেখেছেন। গুদাম নির্মাণের সীমানা নির্ধারণ নিয়ে সুমন মিয়া ও রাসেল মিয়ার সঙ্গে শনিবার ঝগড়া-বিবাদ হয়। স্থানীয় একটি দৈনিকের সাংবাদিক শনিবার সেখানে তথ্য সংগ্রহে যান। এ সময় রাসেল মিয়া ওই সাংবাদিককে মারধর করেন।
শেখের ভিটা এলাকার বাসিন্দা ও জামালপুর দিনকাল পত্রিকার সাংবাদিক আরাফাত হোসেন বলেন, রেলের জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করার খবর পেয়ে তিনি সেখানে যান। কোনো কিছু বুঝে ওঠার আগেই রাসেল মিয়া ও তাঁর আত্মীয়স্বজন তাঁকে মারধর করা শুরু করেন। সুমন মিয়া এখন পাকা ঘর তুলছেন। কিন্তু রাসেল মিয়া আরও অনেক আগ থেকেই রেলওয়ের জমি দখল করে রেখেছেন।
জেলা যুবলীগের নেতা সুমন মিয়া বলেন, জমিটি তিনি রেলওয়ের কাছ থেকে ইজারা নিয়েছেন। ইজারা নিয়ে কি পাকা স্থাপনা নির্মাণ করা যায়? এমন প্রশ্নে তিনি কোনো উত্তর না দিয়ে ৩০ মিনিট পর ফোন দিতে বলেন। পরে ফোন করলেও তিনি আর ধরেননি।
এ ব্যাপারে কথা বলার চেষ্টা করেও রাসেল মিয়ার মুঠোফোন নম্বর বন্ধ পাওয়া যায়।
রেলওয়ের জামালপুর জোনের নির্বাহী প্রকৌশলী আবরার হোসেন বলেন, কোনো ব্যক্তি অনুমতি ছাড়া রেলওয়ের জমিতে স্থাপনা নির্মাণ করতে পারেন না। জমি দখলকারীর বিরুদ্ধে জামালপুর রেলওয়ে থানায় শনিবার একটি অভিযোগ দায়ের করা হয়েছে। স্থাপনাটি ভেঙে দিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
জামালপুর রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন বলেন, অভিযোগের ভিত্তিতে শনিবার পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছিল। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।