রেলের জায়গায় বিপণিবিতান নির্মাণ করছেন রেল কর্মচারী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈশ্বরদী শহরের ফতেমোহাম্মদপুর লোকো সড়কের পাশে রেলের জায়গা দখল করে নির্মাণ করা হচ্ছে বিপণিবিতান। ছবিটি গত বৃহস্পতিবার তোলা l প্রথম আলো
ঈশ্বরদী শহরের ফতেমোহাম্মদপুর লোকো সড়কের পাশে রেলের জায়গা দখল করে নির্মাণ করা হচ্ছে বিপণিবিতান। ছবিটি গত বৃহস্পতিবার তোলা l প্রথম আলো

পাবনার ঈশ্বরদী শহরের ফতেমোহাম্মদপুর লোকো সড়কের পাশে রেলের জায়গা দখল করে এক রেল কর্মচারী বিপণিবিতান নির্মাণ করছেন। ঈশ্বরদী রেলওয়ের জ্যেষ্ঠ স্যানেটারি পরির্দশক ওয়াজেদ আলীর বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া গেছে। ঈশ্বরদী রেলের কানুনগো আমিরুল ইসলাম গতকাল শুক্রবার ওয়াজেদকে বিপণিবিতান ভেঙে ফেলার নোটিশ দিয়েছেন।
পাকশী বিভাগীয় রেলওয়ে ভূসম্পত্তি কার্যালয় সূত্রে জানা গেছে, চাকরিবিধি উপেক্ষা করে ও রেলের প্রভাব খাটিয়ে ওয়াজেদ বেআইনিভাবে রেলের জায়গায় দুই সপ্তাহ ধরে ইট দিয়ে পাকা বিপণিবিতান নির্মাণ করছেন।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, ফতেমোহাম্মদপুর এলাকায় অবস্থিত রেলওয়ে হাসপাতালের অদূরে ও লোকো সড়কের পূর্ব প্রান্তে প্রায় ১০০ ফুট দৈর্ঘ্য ও ১৬ ফুট প্রস্থ রেলের জায়গা দখল করে ইট দিয়ে বিপণিবিতাণের কাজ চলছে। সেখানে মোট নয়টি দোকানঘর রয়েছে। ইট-বালু ও খোয়া রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে। এ সময় ছবি তুলতে গেলে সেখানে থাকা তিন-চারজন যুবক বাধা দেন। তাঁরা জানান, এ বিপণিবিতানের ছবি তোলা নিষেধ। এ সময় নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ওয়াজেদ কয়েক বছর আগে এক ব্যক্তির দখলে থাকা রেলের এই জায়গাটি ‘হাতবদল’ করে তাঁর দখলে নিয়েছেন। ওয়াজেদ বিপণিবিতানে পজিশন ভাড়া দেওয়ার জন্য কিছু মানুষের কাছ থেকে অগ্রিম টাকাও নিয়েছেন।
জায়গা দখলে নেওয়ার অভিযোগ স্বীকার করে ওয়াজেদ আলী মুঠোফোনে প্রথম আলোকে জানান, পাকশী ভূসম্পত্তি কার্যালয়ের কর্তাদের সঙ্গে আলোচনা করে তিনি বিপণিবিতান নির্মাণের কাজ শুরু করেছেন। তাঁর দাবি, রেলের এসব জায়গা প্রায় সময় দখল ও বেচাকেনা হচ্ছে। তাই জায়গাটি তিনি হাতছাড়া করতে চান না। পরে বড় বাবুদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের অনুমতি পাওয়ার পর তিনি সেখানে নির্মাণকাজ করেন। এই বিপণিবিতানের দোকানগুলো ভাড়া দেওয়া হবে বলেও তিনি জানান। তবে কোন কোন বড় বাবুর অনুমতি নিয়ে বিপণিবিতান নির্মাণ করছেন এমন প্রশ্ন করা হলে তিনি তাঁদের নাম প্রকাশে অপারগতা প্রকাশ করেন।
পাকশী বিভাগীয় রেলওয়ে ভূসম্পত্তি কর্মকর্তা মোস্তাক আহমেদ জানান, রেলের কর্মচারী হয়ে রেল সম্পত্তি অবৈধ দখল করে তিনি নিয়ম লঙ্ঘন করেছেন। এটা খুবই অন্যায়। দখলদার স্যানেটারি পরিদর্শকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং তাঁর অবৈধ বিপণিবিতান অবিলম্বে ভেঙে ফেলার জন্য সংশ্লিষ্টদের বলা হয়েছে।
এ ব্যাপারে কানুনগো আমিরুল জানান, ওয়াজেদকে বিপণিবিতান ভেঙে ফেলার জন্য নোটিশ দেওয়া হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্ততি চলছে।