রেলের তেল চুরি নিয়ে দ্বন্দ্ব?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীতে গতকাল বুধবার যুবলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। পুলিশ ও এলাকাবাসী বলছে, রেলের তেল চুরির নিয়ন্ত্রণ নিয়ে এ সংঘর্ষ হয়েছে।
সংঘর্ষে ঈশ্বরদী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মজনু হোসেন (৩৫) আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল উদ্ধার করেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, চলন্ত ট্রেনের ইঞ্জিন থেকে তেল চুরির ওপর নিয়ন্ত্রণ নিয়ে উপজেলার ফতে মোহাম্মদপুর এলাকায় বেশ কিছুদিন ধরে যুবলীেগর নেতা মজনু ও ওই এলাকার যুবলীগের কর্মী আবুল কাশেম ওরফে লোলোর বিরোধ চলে আসছিল। গতকাল বিকেল সাড়ে পাঁচটার দিকে ঈশ্বরদী বাইপাস স্টেশন থেকে চুরি করা তেল অটোরিকশাযোগে ফতে মোহাম্মদপুর এলাকায় আনার সময় পথে তা লুট হয়ে যায়। এর জের ধরে লোলো ও মজনুর সহযোগীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রথমে ফতে মোহাম্মদপুর বেলতলা এলাকায় দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এরপর সংঘর্ষ ছড়িয়ে পড়ে লোকোশেড ফুটবল মাঠ কলোনি ও বিহারি বাজার এলাকায়। সেখানে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ আগ্নেয়াস্ত্র, রামদা ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, সংঘর্ষের সময় রড দিয়ে পিটিয়ে যুবলীগের নেতা মজনুকে আহত করা হয়েছে। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রতিপক্ষ আবুল কাশেম লোলো যুবলীগের কোনো পদে নেই।
ঈশ্বরদীর আমবাগান পুলিশ ফাঁড়ির সহকারী শহর উপপরিদর্শক (এটিএসআই) মতিয়ার রহমান বলেন, ট্রেনের ইঞ্জিন থেকে তেল চুরির নিয়ন্ত্রণ নিয়ে লোলো ও মজনুর সহযোগীদের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষের পর লোকোশেড পানির ট্যাংকের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই তালুকদার বলেন, সংঘর্ষের ঘটনায় কেউ মামলা করেনি। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।