রেলের পুরোনো মালামাল বিক্রি অভিযোগ প্রকৌশলীর বিরুদ্ধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী অঞ্চলের রেলওয়ের এক উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে রেলের পুরোনো মালামাল অবৈধভাবে বিক্রি করার অভিযোগে উঠেছে। পুরোনো কিছু মালামাল ১২ মার্চ বাজারে বিক্রি করতে নেওয়া হলে স্থানীয়রা তা আটক করেন।
রাজবাড়ী অঞ্চলের রেলওয়ের সংকেত বিভাগের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী (সংকেত) আল মামুনুর রশিদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
রাজবাড়ী রেলওয়ের সংকেত বিভাগের কার্যালয় সূত্রে জানা যায়, মার্চের প্রথম সপ্তাহে আল মামুনুরকে খুলনায় বদলি করা হয়েছে। কিন্তু স্টেশন থেকে ব্যবহারের অনুপযোগী মালামাল সরকারি গুদামে নেওয়া পর্যন্ত তাঁর রাজবাড়ীতে কর্মরত থাকার কথা।
রেলওয়ের পাকশী বিভাগীয় প্রকৌশলীর (সংকেত ও তার) কার্যালয় সূত্রে জানা যায়, সম্প্রতি রাজবাড়ী-ফরিদপুর এবং রাজবাড়ী-ভাটিয়াপাড়া এলাকার রেল যোগাযোগ নতুনভাবে শুরু হয়। এ রেলপথে পুরোনো অ্যানালগ পদ্ধতি পরিবর্তন করে ডিজিটাল সংকেত লাইন চালু হয়। এ কারণে রেলপথের পুরোনো সংকেত পদ্ধতিতে ব্যবহৃত বিভিন্ন উপকরণ তুলে ফেলার সিদ্ধান্ত হয়।
৯ মার্চ কালুখালী রেলস্টেশনে এ কার্যক্রম শুরু হয়। নিয়ম অনুযায়ী, এসব মালামাল রেলস্টেশন থেকে তুলে তালিকাভুক্ত করে রাজবাড়ীর গুদামে রাখতে হবে। এরপর সে তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাতে হয়। কর্তৃপক্ষ সেসব মালামাল ব্যবহারের অনুপযোগী মনে করলে সৈয়দপুর গুদামে পাঠাতে নির্দেশ দেবে।
ঠিকাদারের মাধ্যমে এসব কাজ করার কথা থাকলেও আল মামুনুর নিজ তত্ত্বাবধানে এসব মালামাল তোলা শুরু করেন। এরপর মালামালের কিছু অংশ রাজবাড়ী কার্যালয়ের গুদামে জমা করেন। আর অবশিষ্ট লোহার মালামাল গুদামে না এনে বিভিন্ন স্থানে বিক্রি করে দেওয়া হয়।
১২ মার্চ (বৃহস্পতিবার) রাতে রেলের সংকেতের কিছু মালামাল রাজবাড়ী ইংলিশ মার্কেটে বিক্রির জন্য নেওয়া হয়। এ সময় স্থানীয়রা এ মালামাল আটক করেন। তাঁরা পুলিশকে খবর দিতে চান। কিন্তু পুলিশ ফোন ধরেনি। বিষয়টি ওই সময় আল মামুনুর রশিদকে জানানো হয়। তিনি যথাযথ পদক্ষেপ নেবেন বলে আশ্বস্ত করেন। পরে আটক করা মালামাল ওই স্থান থেকে সরিয়ে ফেলা হয়। এ পর্যায়ে তাঁর বিরুদ্ধেই ওই মালামাল অবৈধভাবে বিক্রির অভিযোগ ওঠে।
এ বিষয়ে কথা বলতে উপসহকারী প্রকৌশলী (সংকেত) আল মামুনুরের কার্যালয়ে একাধিকবার গেলেও তাঁকে পাওয়া যায়নি। মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।
রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কুমার ঘোষ জানান, তিনি ছুটিতে আছেন। তবে তাঁর জানা মতে, এ বিষয়ে কোনো মামলা হয়নি।
এ বিষয়ে বিভাগীয় সংকেত ও তার যোগাযোগ প্রকৌশলী (ডিএসটিই) মিজানুর রহমান বলেন, পুরোনো মালামাল নিবন্ধনের পর সরকারি গুদামে পাঠাতে হবে। এসব মালামাল স্থানীয়ভাবে বিক্রি করার কোনো সুযোগ নেই। কেউ অনিয়ম করে থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।