রেস্টুরেন্ট উচ্ছেদ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা জেলা প্রশাসকের কার্যালয় এলাকার শেখ রাসেল শিশুপার্কের একটি রেস্টুরেন্ট উচ্ছেদকে কেন্দ্র করে জেলা প্রশাসনের সঙ্গে ইজারাগ্রহীতার বিরোধ সৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিষয়টিকে কেন্দ্র করে জেলা প্রশাসন ও ইজারাগ্রহীতা পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

সকালে পাবনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন করে জেলা প্রশাসক রেখা রানী বালো বলেন, ১৯৯৯ সাল থেকে শেখ রাসেল শিশুপার্কের ভেতরে পিংক বেরি নামে একটি রেস্টুরেন্ট চলছে। এটির কারণে পার্কের সৌন্দর্য নষ্ট হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছুদিন ধরে রেস্টুরেন্ট মালিক আবদুল কাদের জিলানীকে স্থাপনা ও মালামাল সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু তিনি ইজারার কথা বলে স্থাপনা সরাননি। অন্যদিকে ইজারার টাকাও দীর্ঘদিন ধরে পরিশোধ করেননি। সর্বশেষ গত মঙ্গলবার তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে মালামাল সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়। এতেও তিনি মালামাল না সরানোয় বুধবার দুপুরে বিধি মোতাবেক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়। কিন্তু অভিযান চালাতে গিয়ে ভ্রাম্যমাণ আদালত একটি স্বার্থান্বেষী মহলের বাধার মুখে পড়ে।

>

অভিযানের সময় পাবনা সদর আসনের সাংসদ গোলাম ফারুক সেখানে উপস্থিত হয়ে তৎক্ষণাৎ অভিযান বন্ধের নির্দেশ দেন

বেলা দুইটার দিকে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন আবদুল কাদের জিলানী। তিনি বলেন, ২০ বছর ধরে পার্কের ওই জায়গা ইজারা নিয়ে ব্যবসা করছেন। কিন্তু প্রশাসন মাত্র ১৫ দিন সময় দিয়ে ১ জানুয়ারি তাঁকে মালামাল সরিয়ে নিতে বলে। এ সময়ের মধ্যে মালামাল সরানো সম্ভব নয় উল্লেখ তিনি জেলা প্রশাসনের কাছে ছয় মাস সময় চেয়ে আবেদন করেন। কিন্তু জেলা প্রশাসন আবেদন আমলে নেয়নি, উল্টো উচ্ছেদ অভিযান চালিয়েছে। এতে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল কুমার সাহা পুলিশের সহযোগিতায় শেখ রাসেল শিশুপার্কে উচ্ছেদ অভিযান শুরু করেন। অভিযানে রেস্টুরেন্টটির কিছু স্থাপনা ভেঙে ফেলা হয়। এ সময় স্থানীয় কিছু লোক এসে অভিযানে বাধা দেন। কিছুক্ষণের মধ্যে পাবনা সদর আসনের সাংসদ গোলাম ফারুক সেখানে উপস্থিত হন। তিনি তৎক্ষণাৎ উচ্ছেদ অভিযান বন্ধের নির্দেশ দেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল কুমার সাহা অভিযান বন্ধ করে কার্যালয়ে ফিরে যান।

সাংসদ গোলাম ফারুক বলেন, ‘হট্টগোলের খবর পেয়ে আমি ঘটনাস্থলে উপস্থিত হই। সেখানে গিয়ে জানতে পারি, প্রশাসন পার্কের মধ্য দিয়ে একটি রাস্তা করতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে। এতে পার্কটি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। পাবনায় শিশুদের বিনোদনের কোনো ব্যবস্থা নেই, অন্যদিকে পার্কের ইজারাদার সময় প্রার্থনা করেছেন। তাই সব দিক বিবেচনা করে অভিযান বন্ধের কথা বলেছি।’