রেস্টুরেন্টের খাবারে ৩২ শিক্ষার্থী অসুস্থ, পাঁচজনের কারাদণ্ড
গোপালগঞ্জ শহরে গতকাল সোমবার একটি রেস্টুরেন্টের খাবার খেয়ে একটি মাদ্রাসার অন্তত ৩২ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রেস্টুরেন্টের মালিকসহ পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা শহরের আল জমিয়াতুল মোহাম্মাদীয়া কোর্ট মসজিদ জামে মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের সকালের নাশতা হিসেবে একই এলাকার রোমাঞ্চ খাবার ঘর নামের একটি রেস্টুরেন্ট থেকে ৭০ প্যাকেট খাবার আনা হয়। এতে ছিল খিচুড়ি ও ডিম। ওই খাবার খাওয়ার পর সকাল আটটার দিকে ৩২ জন শিক্ষার্থী পেটের পীড়া ও মাথাব্যথাসহ বিভিন্ন উপসর্গ নিয়ে অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে ১৫ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের শিশু চিকিৎসক আবদুল্লাহ আল মাহমুদ জানান, খাদ্যে বিষক্রিয়ার কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে। এর পাশাপাশি শিক্ষার্থীরা গণমনস্তাত্ত্বিক সমস্যায় আক্রান্ত হয়েছে। গতকাল বিকেলে ১০ জন সুস্থ হয়ে বাড়ি চলে গেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, খাদ্য সরবরাহকারী ওই রেস্টুরেন্টের মালিকসহ পাঁচজনকে আটক করা হয়। দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে নেওয়া হয়। নির্বাহী হাকিম ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জালালউদ্দিন ভোক্তা অধিকার আইনে তাঁদের দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। হোটেল মালিক মো. আরিফুল ইসলাম মোল্লাকে (২৪) এক মাস, তাঁর বড় ভাই সাইফুল আসলাম মোল্লাকে (২৮) ১৫ দিন, ছোট ভাই শরিফুল ইসলাম মোল্লাকে (১৪) তিন দিন, ব্যবস্থাপক কাইয়ুম মোল্লাকে (১৮) সাত দিন ও কর্মচারী লিটন শেখকে (২৪) তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।