রেস্তোরাঁর নামে রিকশার ব্যাটারি চার্জের ব্যবসা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় অবৈধভাবে রিকশায় চার্জ দেওয়ার ব্যবসা করছেন স্থানীয় এক ব্যক্তি। রেস্তোরাঁ ব্যবসার নামে অনুমতি নিয়ে তিনি এই ব্যবসা চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত তিন মাস ধরে ওই কাজ চলছে।
সরেজমিনে দেখা যায়, দৌলতদিয়ার দুই নম্বর ফেরিঘাট সড়কের মাথায় সিদ্দিক কাজী রেস্তোরাঁ ব্যবসার জন্য বড় একটি টিনের ছাপড়া ঘর তৈরি করেন। দীর্ঘদিনেও তিনি ওই ব্যবসা শুরু করেননি। প্রায় তিন মাস ধরে সেখানে বৈদ্যুতিক সংযোগ নিয়ে ঘরের ভেতর বিভিন্ন খুঁটির সঙ্গে পয়েন্ট তৈরি করে রিকশার ব্যাটারির চার্জ দেওয়ার সকেট লাগিয়েছেন। সেখানে প্রতিদিন রিকশাচালকেরা ব্যাটারি চার্জ দিচ্ছেন।
বিদ্যুৎ আইনে বলা আছে, কেউ অসদুপায়ে বিদ্যুৎ ব্যবহার বা চুরি করলে তিন বছরের জেল অথবা ১০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।
অসদুপায়ে বিদ্যুৎ ব্যবহারের কৃত্রিম চেষ্টা করলে পাঁচ বছরের জেল বা ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।
রিকশাচালক সিমান মোল্যা, আরশাদ আলী, হোসেনসহ কয়েকজন বলেন, তাঁরা প্রায় তিন মাস ধরে এখানে রিকশার ব্যাটারি চার্জ দেন। কেউ দিনে চালানো শেষে রাতভর চার্জ দেন। কেউ দিনেও চার্জ দেন। প্রতিবার চার্জ ছয়-সাত ঘণ্টা চার্জ দেওয়ার জন্য সিদ্দিক
কাজীকে ৪০ টাকা করে দিতে হয়। বর্তমানে একসঙ্গে ১৫টি রিকশার ব্যাটারি চার্জ দেওয়ার ব্যবস্থা আছে। সেই হিসাবে সিদ্দিক প্রতিদিন গড়ে ৫০০ থেকে ৬০০ টাকা পাচ্ছেন।
সিদ্দিক কাজী দাবি করেন, তিনি আগে রেস্তোরাঁ ব্যবসা শুরু করেছিলেন। কিন্তু রেঁস্তরা ভালো না চলায় গত দুই-আড়াই মাস ধরে এ ব্যবসা করছেন। বিদ্যুতের মিটার তাঁর নামে নেওয়া এবং ইউনিয়ন পরিষদ থেকে রেস্তোরাঁ ব্যবসার অনুপতিপত্র নেওয়া আছে। তাঁর কাছে ওই অনুপতিপত্র ও বিদ্যুৎ বিলের কাগজ দেখতে চাইলে তিনি কাগজপত্র বাড়িতে আছে বলে জানান।
কেমন বিদ্যুৎ বিল আসে জানতে চাইলে সিদ্দিক বলেন, মাসে ১৫০০ থেকে ২০০০ টাকার মধ্যে আসে। রেস্তোরাঁর নামে অটোরিকশার ব্যাটারির চার্জের ব্যবসা করা যায় কি না এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কতজন কত কিছু করছে। তাদের তো কিছুই হয় না, আমার কী হবে? ’
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল বলেন, রেস্তোরাঁ ব্যবসার নামে অনুমতিপত্র নিয়ে কেউ রিকশার ব্যাটারি চার্জের ব্যবসা করলে পরিষদ থেকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গোয়ালন্দ বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী রওশন আলী বলেন, একটি রিকশার ব্যাটারির চার্জে মাসে গড়ে ৬৫ থেকে ৯০ ইউনিট খরচ হয়। সেখানে ১৫টি রিকশার চার্জে লাগবে মাসে ১০০০ থেকে ১১২৫ ইউনিট। প্রতি ইউনিট ৯ দশমিক ৫৮ টাকা ও পাঁচ শতাংশ ভ্যাটসহ গড়ে বিল হওয়ার কথা ১০ হাজার থেকে ১১ হাজার টাকা। বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।