বিভিন্ন অভিযোগে লালবাগের ক্যাফে জান্নাত রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া নোংরা পাত্রে মিষ্টি রাখায় পলাশীর বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল বৃহস্পতিবার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিয়াস মিয়া।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানান, ক্যাফে জান্নাত রেস্তোরাঁর ফ্রিজে আগের দিনের বাসি ছোলা, মুরগির মাংস, পরোটা ও নানান ধরনের মসলা রেখেছিলেন রেস্তোরাঁর মালিক মো. সিদ্দিক। তাঁর উদ্দেশ্য ছিল, পরদিন তা আবার ভেজে বিক্রি করবেন। আর ওই তেলও ছিল অনেক দিনের ব্যবহৃত। এ ছাড়া এই রেস্তারাঁ থেকে প্রায় ১৫ কেজি টক দই জব্দ করা হয়। যে দইয়ে কালো আঠাজাতীয় ময়লা ছিল। এসব অভিযাগে সিদ্দিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া নোংরা ও অস্বাস্থ্যকর পাত্রে মিষ্টি রাখায় পলাশীর বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের মালিক মো. স্বপনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।