রেস্তোরাঁয় ফাও খাওয়ার প্রতিবাদ করায় পুলিশ কনস্টবলকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে রেস্তোরাঁয় নাশতা করে বিল না দিয়ে উল্টো চড়াও হওয়ার প্রতিবাদ করায় এক পুলিশ কনস্টেবলকে বেধড়ক পিটিয়েছেন ছাত্রলীগের একাংশের নেতা-কর্মীরা। গত মঙ্গলবার দুপুরে সিলেট নগরের রিকাবীবাজার এলাকার একটি রেস্তোরাঁয় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ কনস্টেবলের নাম সফি আহমেদ। মারধরে আহত এই পুলিশ সদস্যকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেস্তোরাঁর সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরার ভিডিও ফুটেজ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কনস্টেবল সফি বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় মহানগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক তানভির কবির চৌধুরী ওরফে সুমনসহ অজ্ঞাত আরও সাতজনকে আসামি করা হয়েছে।

মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ কনস্টেবল সফি আহমেদ মহানগর পুলিশের গণমাধ্যম শাখার (পুলিশের মিডিয়া উইং) একজন সদস্য। ওই দিন তিনি মদন মোহন কলেজ এলাকায় কর্তব্যরত ছিলেন। ঘটনার ভিডিও দেখে মামলা করা হয়। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মঙ্গলবার বেলা ১১টার দিকে ছাত্রলীগের সাতজন নেতা-কর্মী নূরী রেস্তোরাঁয় ডিম, পরোটা ও মাংস দিয়ে নাশতা করেন। এরপর চলে যাওয়ার সময় রেস্তোরাঁর ব্যবস্থাপক তাঁদের কাছে বিল চাইলে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করে ফিরে এসে দেবেন চলে জানান। এ সময় রেস্তোরাঁর ব্যবস্থাপক বিল না দিয়ে যেতে দেবেন না বলে জানালে তাঁরা ব্যবস্থাপকের ওপর চড়াও হন। রেস্তোরাঁটিতে তখন নাশতা করছিলেন পুলিশ কনস্টেবল সফি। তিনি ব্যবস্থাপকের পক্ষ নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের বিল দিয়ে দেওয়ার অনুরোধ করলে সুমন তাঁর কলার চেপে ধরে পরিচয় জানতে চান। এ সময় সুমনের সঙ্গে থাকা ছাত্রলীগের অন্য ছেলেরা পুলিশ কনস্টেবলকে মারধর শুরু করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী বলেন, সফি আহমেদ সাদাপোশাকে ছিলেন। ছাত্রলীগের নেতা-কর্মীরা যখন তাঁর দিকে তেড়ে আসেন, তখন তিনি নিজেকে পুলিশের লোক বলে পরিচয় দেন। এরপরও ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্ষান্ত হননি। তাঁরা সফির মানিব্যাগ টেনে বের করে তুই-তুকারি করে তাঁকেই বিল দিতে বলতে থাকেন আর মারধর করেন। পরে লোকজন এগিয়ে গেলে তাঁরা চলে যান।

সফি আহমেদ বলেন, ‘শোক দিবসের কর্মসূচি পালন করতে এসে ফাও নাশতা করার বিষয়টি দেখি। তাঁরা ছাত্রলীগের লোকজন বলে হম্বিতম্বি করছিলেন। আমি খুব শান্তভাবে তাঁদের বলেছিলাম, কাজটা ভালো না। এতেই তাঁরা ক্ষিপ্ত হয়ে কিল-ঘুষি মারতে থাকেন। আমি পরিচয় দিলে আরও ক্ষিপ্ত হয়ে তাঁরা আমার পকেট থেকে মানিব্যাগ কেড়ে নেন।’

রেস্তোরাঁর সিসি ক্যামেরায় ব্যবস্থাপকের সঙ্গে বচসা ও পুলিশ সদস্যকে মারধরের দুটো দৃশ্য ধারণ হয়েছে। এতে সুমনকে স্পষ্টভাবে দেখা গেছে। তবে তাঁর সঙ্গীদের শনাক্ত করা যায়নি। ছাত্রলীগের একটি সূত্র জানায়, সুমন মদন মোহন কলেজ ছাত্রলীগের একটি পক্ষের নিয়ন্ত্রক। তাঁর সঙ্গে থাকা অন্যরা ওই কলেজ ছাত্রলীগের কর্মী হতে পারেন। তবে মামলার পর থেকে সুমনের মুঠোফোনটি বন্ধ থাকায় এ বিষয়ে তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন বলেন, সঙ্গীদের শনাক্ত করতেই সুমনকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।

এদিকে মহানগর ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক আবদুল আলীম পুলিশ সদস্যকে পেটানোর ঘটনার নিন্দা জানিয়ে বলেন, যাঁর নেতৃত্বে ঘটনা ঘটেছে, তিনি (সুমন) মহানগর ছাত্রলীগের বিগত কমিটির দপ্তর সম্পাদক ছিলেন। তাই ঘটনার দায় কোনোভাবেই নগর ছাত্রলীগের না। সেখানে নগর ছাত্রলীগের কেউ ছিল না।