নাটোরে যুবলীগের সংঘর্ষ, একজন গুলিবিদ্ধ
রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের ডাইনিংয়ে বিনা মূল্যে খাবার খাওয়া নিয়ে ছাত্রলীগের দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া ও হলে ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
একই দিন বিকেলে নাটোর জেলা শহরের তেবাড়িয়া এলাকায় যমুনা ডিস্টিলারিজের সামনে যুবলীগের দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এ সময় গোলাগুলিতে একজন গুলিবিদ্ধ হয়েছেন। মুমূর্ষু অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রংপুর কোতোয়ালি থানা-পুলিশ, ছাত্রলীগ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বঙ্গবন্ধু হলের ডাইনিংয়ে বিনা মূল্যে খাবার খাওয়া নিয়ে গতকাল ছাত্রলীগের দুই নেতার মধ্যে তর্ক হয়। এর জের ধরে বেলা তিনটায় ক্যাম্পাসের প্রধান ফটকের বাইরে পার্কের মোড় এলাকায় সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিমকে মারধর করে ছাত্রলীগের একটি পক্ষ। আহত আজিজুলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনার পর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতারা সভাপতি মেহেদী হাসানের নেতৃত্বে একটি পক্ষ এবং সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদের নেতৃত্বে আরেকটি পক্ষে বিভক্ত হয়ে যান। আজিজুলকে মারধরের প্রতিবাদে মোস্তফা মাহমুদের পক্ষের লোকজন বেলা সাড়ে তিনটায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। এ সময় মেহেদী হাসানের পক্ষের লোকজনের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। মেহেদী হাসানের পক্ষের লোকজন ধাওয়া করে মোস্তফা মাহমুদের পক্ষের লোকজনকে ক্যাম্পাস থেকে বের করে দেন।
বিকেল চারটায় মোস্তফার পক্ষের লোকজন ক্যাম্পাসে ফিরে স্লোগান দিতে দিতে বঙ্গবন্ধু হলে গিয়ে মেহেদীকে খুঁজতে থাকেন। মেহেদীকে না পেয়ে তাঁরা হলের অফিস কক্ষসহ ভবনের ছয়তলায় শিক্ষার্থীদের কক্ষের জানালার কাচ ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। একপর্যায়ে পুলিশের ধাওয়ায় উভয় পক্ষই ক্যাম্পাসের বাইরে চলে যায়। বিকেল পাঁচটায় উভয় পক্ষ পুনরায় ক্যাম্পাসে অবস্থান নেয়। এ সময় আবারও পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। তবে কোনো হতাহত হওয়ার খবর জানা যায়নি।
সাধারণ সম্পাদক মোস্তফা মাহমুদ অভিযোগ করে বলেন, ছাত্রলীগের সঙ্গে জড়িত একজনের বিনা মূল্যে খাবার খাওয়া নিয়ে সংগঠনটির দুই নেতার বিরোধ লাগে। এর জের ধরে একটি পক্ষ আজিজুলকে মারধর করে। ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান বলেন, বহিরাগতদের দিয়ে ছাত্রলীগের একটি অংশ হলে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। বিনা মূল্যে খাবার খাওয়া নিয়ে বিরোধে জড়িয়ে পড়ার বিষয়টি তিনি অস্বীকার করেন।
গতকাল সন্ধ্যায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, ক্যাম্পাসে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
নাটোর সদর থানা ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকেল পাঁচটার দিকে জেলা শহরের তেবাড়িয়া এলাকায় যমুনা ডিস্টিলারিজের সামনের একটি চায়ের দোকানে যুবলীগের কর্মী আফজাল ও রতনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা দোকান থেকে বের হয়ে যান। এরপর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় সাতটি গুলির শব্দ শোনা যায়। গোলাগুলি শুরু হলে আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় রতনকে উদ্ধার করে। তার পিঠে গুলি লেগেছে বলে প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী এক দোকানি নাম প্রকাশ না করার শর্তে জানান, তিনি সাতটি গুলির শব্দ শুনতে পেয়েছেন। স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, যুবলীগের কর্মী আফজাল ও রতনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। তিনিও সাতটি গুলির শব্দ শুনেছেন।
আফজাল ও রতন যুবলীগের কর্মী বলে নিশ্চিত করেছেন পৌর যুবলীগের সভাপতি সাঈম হোসেন। তিনি বলেন, ওই ঘটনায় যুবলীগের কেউ জড়িত ছিলেন কি না, তা তাঁর জানা নেই।