রোগনির্ণয় কেন্দ্রে হট্টগোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎবিভ্রাটের কারণে সময়মতো রোগনির্ণয় পরীক্ষার প্রতিবেদন দিতে না পারায় চট্টগ্রাম নগরের একটি রোগনির্ণয় কেন্দ্রে হট্টগোল করেছেন রোগী ও রোগীর স্বজনেরা। গতকাল বুধবার নগরের পাঁচলাইশ এলাকার রোগনির্ণয় কেন্দ্র শেভরনে এই ঘটনা ঘটে।
রোগনির্ণয় কেন্দ্র সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে বৈদ্যুতিক গোলযোগের কারণে সেখানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। অভ্যন্তরীণ সরবরাহ লাইনে সমস্যার কারণে জেনারেটরের মাধ্যমেও বিদ্যুৎ চালু করা যায়নি। এতে অনেক রোগনির্ণয় পরীক্ষার প্রতিবেদন তৈরি করা সম্ভব হয়নি। রাতে প্রতিবেদন না পেয়ে কিছু রোগীর স্বজন ক্ষোভ প্রকাশ ও হট্টগোল করেন। একপর্যায়ে প্রতিবেদনের জন্য অপেক্ষায় থাকা কয়েকজনের সঙ্গে শেভরনের কর্মকর্তাদের বাগ্বিতণ্ডা হয়। পরে পুলিশ প্রতিবেদনের অপেক্ষায় থাকা লোকজনকে রোগনির্ণয় কেন্দ্র থেকে বের করে দেয়।
রতন কান্তি দে নামের একজন রোগী বলেন, ‘আমি সকালে আটটি পরীক্ষার নমুনা দিয়ে গেছি। প্রতিবেদন নিতে এলে আমাকে জোর করে বের করে দেওয়া হয়।’
শেভরনের ব্যবস্থাপক পুলক পারিয়াল বলেন, ‘বিদ্যুৎ না থাকায় প্রতিবেদন তৈরি করা সম্ভব হয়নি। রাত সাড়ে আটটায় বিদ্যুৎ আসে।’ তিনি বলেন, ‘জরুরি কিছু প্রতিবেদন আজই (বুধবার) দিয়ে দেব। বাকিগুলো কাল দেওয়া হবে।’
পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) মো. মোতালেব বলেন, ‘বিশৃঙ্খলার আশঙ্কায় আমরা রোগীর স্বজনদের বের করে দিই। যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।’