রোগী দেখতে বাড়ি না যাওয়ায় চিকিৎসককে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোগী দেখতে বাড়ি না যাওয়ায় চাঁদপুরের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুল মান্নানকে কয়েকজন যুবক মারধর করে আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় একজনকে ধরে পুলিশে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আশ্রাফ হোসেন।
গত শনিবার রাত আটটার দিকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের ফটকে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় আবদুল মান্নান তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা দুই-তিনজনকে আসামি করে রাতেই মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল রোববার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেন।
আসামিরা হলেন কচুয়া পৌরসভার কোয়া গ্রামের ইমাম হোসেন (২৫), তাঁর ভাই ইমাম হাসান (২৫) এবং একই গ্রামের মো. রিয়াদ (২০)। ইমাম হাসানকে পুলিশ গতকাল রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।
এজাহার ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে আটটার দিকে ইমাম হোসেন চিকিৎসক আবদুল মান্নানকে মুঠোফোনে তাঁর বাড়িতে রোগী দেখতে যেতে বলেন। তিনি মাথাব্যথার কারণে যেতে পারবেন না বলে জানান। এতে ক্ষিপ্ত হয়ে ইমাম হোসেন তাঁকে মারধর করার হুমকি দেন। রাত নয়টার দিকে আবদুল মান্নান মোটরসাইকেলযোগে স্বাস্থ্য কমপ্লেক্সের ফটকে আসেন। মোটরসাইকেল থেকে নামার পরপর ইমাম হোসেন, ইমাম হাসান ও রিয়াদসহ কয়েকজন তাঁকে মারধর করেন। একপর্যায়ে তিনি আত্মরক্ষার জন্য পাশের বাড়িতে আশ্রয় নেন। এ সময় ইউএনও মুহাম্মদ আশ্রাফ হোসেন ওই পথ দিয়ে বাসায় ফিরছিলেন। ঝামেলা দেখে তিনি গাড়ি থেকে নামেন। উপস্থিত লোকজন তাঁকে ঘটনা জানান। এ সময় ইউএনও ঘটনাস্থল থেকে ইমাম হাসানকে আটক করে পুলিশে দেন। গতকাল সকালে জেলা সিভিল সার্জন রথীন্দ্রনাথ মজুমদার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।
আবদুল মান্নান বলেন, ‘চার-পাঁচ বছর ধরে এখানে চাকরি করছি। এ ধরনের ঘটনা এলাকাবাসী মানতে পারছেন না। আমি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় আছি।’
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সামছুল হক বলেন, ইমাম হাসানকে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের ধরার চেষ্টা চলছে।