রোগীর মৃত্যু, ক্লিনিক মালিকসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের একটি বেসরকারি ক্লিনিকে ভুল চিকিৎসায় সাজেদা বেগম (৫৫) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা হয়েছে। পুলিশ ক্লিনিকের মালিক ও ব্যবস্থাপককে গ্রেপ্তার করেছে।
ওই গৃহবধূর মেয়ে পলি বেগম বলেন, তাঁর মা সাজেদা বেগম জরায়ুর সমস্যার জন্য দুই মাস নগরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। পরে খানপুর হাসপাতাল থেকে চিকিৎসক জাহাঙ্গীর সাজেদাকে নিজের চেম্বারে নিয়ে আসেন এবং তাঁকে অস্ত্রোপচার করার পরামর্শ দেন। ১ এপ্রিল অস্ত্রোপচার করার কথা থাকলেও টাকাপয়সার অভাবে তা করা সম্ভব হয়নি। গত শনিবার চিকিৎসক জাহাঙ্গীর আবারও অস্ত্রোপচারের পরামর্শ দেন। ওই দিনই সাজেদাকে সেলিনা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয় এবং বিকেল পাঁচটার দিকে তাঁর অস্ত্রোপচার করেন জাহাঙ্গীর। রাত ১২টার দিকে সাজেদার ব্যথা উঠলে খোঁজ করেও কোনো চিকিৎসককে পাওয়া যায়নি। ওই দিন দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তাঁর মৃত্যু হয়।
এদিকে গৃহবধূ সাজেদার মৃত্যুর ঘটনার খবর পেয়ে স্বজনেরা গতকাল রোববার সকাল ছয়টার দিকে নগরের ডন চেম্বার এলাকার ওই ক্লিনিকে ছুটে আসেন। তাঁরা সকাল নয়টা পর্যন্ত ক্লিনিক অবরুদ্ধ করে রাখেন। একপর্যায়ে ক্লিনিকের ব্যবস্থাপক ও সহকারী ব্যবস্থাপককে তাঁরা মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রোগীর স্বজনদের আশ্বস্ত করে। এ ঘটনায় সাজেদা বেগমের ছেলে সেলিম রেজা বাদী হয়ে ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক আলী নূর শরীফ, ব্যবস্থাপক আবদুস সাত্তার, চিকিৎসক জাহাঙ্গীর আলম, নার্স শিরীন আক্তার, পরিচালক চঞ্চলসহ ছয়জনকে আসামি করে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন। ক্লিনিকের মালিক আলী নূর শরীফ বলেন, যেহেতু এটা চিকিৎসক জাহাঙ্গীর আলমের রোগী, অস্ত্রোপচার-পরবর্তী সব দায়িত্ব তাঁর।
চিকিৎসক জাহাঙ্গীর বলেন, ‘আমার চিকিৎসায় কোনো ভুল ছিল না। হৃদ্রোগ থাকায় রোগীর মৃত্যু হয়েছে।’
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক হামিদুল ইসলাম বলেন, খবর পেয়ে সকাল ছয়টায় পুলিশ ক্লিনিকে যায়। তবে সকাল আটটা পর্যন্ত ক্লিনিকের দায়িত্বশীল কাউকে পাওয়া যায়নি।
সিভিল সার্জন দুলাল চন্দ্র সাহা বলেন, এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে এ রকম ১০টি ক্লিনিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।