রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় হাসপাতালে ভাঙচুর করা হয়। বন্ধ হয়ে যায় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসাসেবা। চিকিৎসকের অবহেলায় ওই রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছেন স্বজনেরা। আজ শুক্রবার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে। 

হাসপাতালের কয়েকজন কর্মচারী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী নগরের টিকাপাড়া এলাকার মোশাররফ হোসেন খান (৬০) আজ বেলা দুইটার দিকে হাসপাতালে মারা যান। চিকিৎ​সকের অবহেলায় তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলে রোগীর স্বজনেরা হাসপাতালে ভাঙচুর ও চিকিৎসকদের লাঞ্ছিত করেন। এতে ক্ষুব্ধ হয়ে ইন্টার্ন চিকিৎসকেরাও হাসপাতালের ভেতরে বিক্ষোভ ও ভাঙচুর শুরু করেন। একপর্যায়ে রোগীর স্বজনদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তাঁরা। পরে ইন্টার্ন চিকিৎ​সকেরা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাসেবা বন্ধ করে দেন। এ ঘটনার পর বেলা দুইটা থেকে তিনটা পর্যন্ত জরুরি বিভাগে চিকিৎসাসেবাও বন্ধ থাকে। এতে দুর্ভোগে পড়ে রোগীরা। বেলা তিনটার পর আবার চিকিৎসাসেবা শুরু হয়।
কয়েকজন ইন্টার্ন চিকিৎসক জানান, রোগীর অবস্থা খারাপ হওয়ায় তাঁকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য ছাড়পত্র দেওয়া হয়। পরে রোগীর স্বজনেরা রোগীকে নিয়ে হাসপাতালের জরুরি বিভাগের সামনে যেতেই রোগী মারা যান। এরপর রোগীর স্বজনেরা হাসপাতালের ওয়ার্ডে ঢুকে সহকারী রেজিস্ট্রার সুব্রতকে লাঞ্ছিত করেন ও ইন্টার্ন চিকিৎসক আরিফকে মারধর করেন। পরে তাঁরা ওয়ার্ডের ভেতরে ভাঙচুর শুরু করেন। খবর পেয়ে পুলিশ এসে তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। এ সময় একজন পুলিশ কর্মকর্তা রায়হান নামের একজন ইন্টার্ন চিকিৎসককে মারধর করেন।
নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান বলেন, ইন্টার্ন চিকিৎসকেরা একজন নারীকে মারধর করছিলেন। পুলিশ তাঁদের ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে। পুলিশ যথেষ্ট ধৈর্য ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেছে।
এ ব্যাপারে কথা বলার জন্য হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রফিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।