রোহিঙ্গা তরুণী গ্রেপ্তার
ভুয়া পরিচয় দিয়ে পাসপোর্ট বানাতে এসে গত বৃহস্পতিবার ধরা পড়লেন এক রোহিঙ্গা তরুণী।
চট্টগ্রামের আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় সূত্র জানায়, গ্রেপ্তার রোহিঙ্গা তরুণীর নাম আফিফা হাবিব (২০)। পাসপোর্ট বানানোর জন্য তাঁকে চট্টগ্রামে নিয়ে আসেন টেকনাফের দালাল আবদুল মালেক (৫৫)।
আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের পরিচালক আবু সাঈদ প্রথম আলোকে বলেন, ‘আফিফার আবেদনপত্র যাচাই করার পর আমাদের সন্দেহ হয়। এরপর আফিফাকে ডেকে আমরা নানা প্রশ্ন করি। তিনি অসংলগ্ন তথ্য দিয়ে যাচ্ছিলেন। একপর্যায়ে স্বীকার করেন, তিনি রোহিঙ্গা তরুণী। আবদুল মালেককে নিয়ে তিনি পাসপোর্ট বানাতে এসেছেন। পরে আমরা দুজনকে পুলিশে সোপর্দ করি।’
চট্টগ্রাম নগর পুলিশের পশ্চিমাঞ্চলের অতিরিক্ত উপকমিশনার আরেফিন জুয়েল বলেন, ওই দুজনের বিরুদ্ধে নগরের ডবলমুরিং থানায় বিদেশি নাগরিক-সম্পর্কিত আইনে মামলা করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।