রোহিঙ্গাদের ভোটার করায় বদিসহ ৫১ জন জড়িত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোহিঙ্গাদের ভোটার করার ব্যাপারে কক্সবাজার-৪ আসনের সরকারদলীয় সাংসদ আবদুর রহমান বদিসহ ৫১ জন জনপ্রতিনিধি ও নির্বাচন কর্মকর্তা জড়িত রয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্বাচন কমিশনে (ইসি) পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদনে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
জানতে চাইলে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সুপারিশ করা প্রতিবেদনটি কক্সবাজারের রোহিঙ্গা ভোটার শনাক্ত করা-সম্পর্কিত বিশেষ কমিটির কাছে পাঠানো হয়েছে। যেসব নির্বাচন কর্মকর্তা এ অবৈধ প্রক্রিয়ার সঙ্গে জড়িত, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে ইসি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগেই রোহিঙ্গাদের বাদ দেওয়া হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের পাঠানো এ প্রতিবেদনে চার শতাধিক রোহিঙ্গা ভোটারের নাম এবং ভোটার করার ব্যাপারে সহায়তাকারীদের নাম, ঠিকানা ও জাতীয় পরিচয়পত্রের নম্বর উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সাংসদ আবদুর রহমান, টেকনাফ উপজেলার চেয়ারম্যান জাফর আহমেদসহ স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের অনেকেই মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের ভোটার করতে সহায়তা করেছেন। অভিযুক্ত ব্যক্তিদের তালিকায় কক্সবাজারের ৪৬ জন এবং বান্দরবানে উপজেলা নির্বাচন কর্মকর্তা মাইনুল হকসহ পাঁচ শিক্ষকের নাম রয়েছে।
ভোটার তালিকা আইনে মিথ্যা তথ্য দিয়ে ভোটার হলে বা ভুয়া ভোটার হওয়ার ক্ষেত্রে কেউ সহযোগিতা করলে তার বিরুদ্ধে ছয় মাস থেকে এক বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।
এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তৈরি করা ইয়াবা ব্যবসায়ীদের তালিকায় সাংসদ আবদুর রহমানের নাম আসে। এরপর সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের এক মামলায় গত অক্টোবর মাসে তাঁকে কারাগারে যেতে হয় এবং পরে জামিনে মুক্তি পান।