রৌমারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
কুড়িগ্রাম জেলার রৌমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নুরুল আমিন (৩২) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় গুলিতে আহত হয়েছেন আরও তিন যুবক। গতকাল মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহত নুরুল রৌমারীর দাঁতভাঙ্গা ইউনিয়নের চর গ্রামের মোকছেদ আলী মুন্সির ছেলে। তিনি দিনমজুর ছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
গুলিতে আহত রফিকুল (২৫), জাহেদুল (২২) ও সাদ্দাম (২৩) আত্মগোপনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
দাঁতভাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান বলেন, গতকাল সকালে ১২ থেকে ১৩ জনের একটি দল ভারতে গরু আনতে যাওয়ার চেষ্টা করে। তারা সীমান্তের শূন্যরেখায় পৌঁছালে ভারতের দ্বীপচর ক্যাম্পের টহলরত বিএসএফ-৫৭ ব্যাটালিয়নের সদস্যরা বাংলাদেশিদের লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নুরুল আমিন নিহত হন। পরে স্বজনেরা সেখান থেকে লাশ বাড়ি নিয়ে আসে।
৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রফিকুল হাসান বলেন, রৌমারীতে বিএসএফ গুলি করলে এক বাংলাদেশি নিহত হয়েছেন। বিজিবি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ছাড়া বিজিবির পক্ষÿথেকে বিএসএফকে প্রতিবাদপত্র পাঠানো হয়েছে। পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও এখনো বিএসএফের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
নিহত নুরুল আমিনের বাবা মোকছেদ আলী মুন্সি বলেন, তাঁর ছেলে দিনমজুরি করতেন। ভারত থেকে কেন গরু আনতে গেলেন, তা পরিবার নিশ্চিত নয়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। আহত ব্যক্তিদের খোঁজা হচ্ছে।