রৌমারীতে ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত
কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে দুস্থ নারীরা লাঞ্ছিত করেছেন। নারীরা এ সময় চেয়ারম্যানের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তোলেন ও টাকা ফেরত চান। লাঞ্ছনার শিকার চেয়ারম্যানের নাম মিজানুর রহমান। উপজেলা চত্বরে গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, ভিজিডি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং মঙ্গা ও কান্ট্রি কর্মসূচির তালিকায় নাম দেওয়ার কথা বলে এলাকার দরিদ্রদের কাছ থেকে জনপ্রতি দুই থেকে চার হাজার টাকা করে নেন চেয়ারম্যান। উপজেলার বাউশমারী গ্রামের নারগিস আক্তার (৩৪) নামের এক দিনমজুরের মাধ্যমে এ টাকা সংগ্রহ করেন তিনি। চেয়ারম্যান অবৈধভাবে প্রায় দুই লাখ টাকা হাতিয়ে নেন। কিন্তু যাঁদের কাছ থেকে টাকা নিয়েছেন, তাঁদের অনেকের নাম ওই সব তালিকায় ওঠেনি।
নারগিস আক্তার বলেন, যাঁদের কাজ হয়নি তাঁদের টাকা ফেরত চাইলে চেয়ারম্যান তাঁকে অনেক দিন ঘুরিয়েছেন। এদিকে দুস্থ নারীরা জড়ো হয়ে তাঁর কাছে প্রতিকার চান। তিনি তাঁদের নিয়ে উপজেলা চত্বরে চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে যান। টাকা ফেরত চাইলে চেয়ারম্যান তাঁদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। তখন ভুক্তভোগীরা তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
এ প্রসঙ্গে মিজানুর রহমান বলেন, ‘এটা একটা চক্রান্ত। একটি মহল সমাজ ও মানুষের কাছে আমার সুনাম নষ্ট করার জন্য ওই ঘটনা ঘটিয়েছে। আমি কারও কাছ থেকে ঘুষ নিইনি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল হান্নান জানান, ‘আমার কাছে কেউ অভিযোগ করেনি।’