কুড়িগ্রামের রৌমারী উপজেলার বোয়ালমারী গ্রামে গতকাল রোববার দুপুরে এক মেধাবী শিক্ষার্থীকে জবাই করে হত্যা করা হয়েছে। এর আগে তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত এক যুবক ধর্ষণ ও হত্যা শেষে পালানোর সময় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গেছে বলে জানা গেছে।
নিহত শিক্ষার্থীর নাম আর্জিনা খাতুন। আর মারা যাওয়া যুবকের নাম আয়ুইব আলী। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। এরা হলো উপজেলার শৌলমারী ইউনিয়নের চেংটাপাড়া গ্রামের নাসির উদ্দিন (২২) ও একই ইউনিয়নের বাতার গ্রামের আনারুল।
পরিবার ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, বোয়ালমারী গ্রামের মৃত আবদুল হাই আকন্দের মেয়ে আর্জিনা এ বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল। তার একমাত্র ভাই ঢাকায় পড়াশোনা করেন এবং বোন বিবাহিত। বাড়িতে থাকেন শুধু মা ও মেয়ে।
একই ইউনিয়নের চেংটাপাড়া গ্রামের আয়ুইব আলী বেশ কিছুদিন ধরে আর্জিনাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। মেয়েটি এ প্রস্তাবে সাড়া দেয়নি। গতকাল দুপুর ১২টার দিকে আর্জিনা ছাড়া বাড়িতে কেউ ছিল না। এ সময় আয়ুইব আলী তার বন্ধু নাসির ও আনারুলকে নিয়ে আর্জিনার বাড়িতে ঢোকে। একপর্যায়ে আর্জিনা খাতুন রান্না ঘরে এলে প্রথমে ধর্ষণ এবং পরে গলা কেটে হত্যা করা হয়। এরপর দৌড়ে পালিয়ে যাওয়ার সময় আয়ুইব রাস্তায় পড়ে মারা যান।
নিহত আর্জিনার মা সাজেদা বেগম প্রথম আলোকে বলেন, ‘আয়ুইব আলী মেলা দিন থিকা আমার মাইয়াকে বিরক্ত করে আসছিল। সে মেধাবী ছাত্রী। জিপিএ-৫ পেয়েছে। ভালো কলেজে ভর্তি করার ইচ্ছা ছিল। কিন্তু শয়তানেরা তাকে বাঁচতে দিল না। আমি খুনিদের ফাঁসি চাই।’
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন জানান, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ওই শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করা হয়েছে। আর আয়ুইব আলীর মারা যাওয়া প্রসঙ্গে ওসি জানান, জবাই করে পালানোর সময় ভয়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ওসি আরও জানান, ওই ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি। তবে শিক্ষার্থীকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।